মেসি ও রোনালদোর শেষ বিশ্বকাপ

টিকিট কেনার জন্য প্রাথমিকভাবে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ

রোনালদো ও মেসি । ছবি : সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২০ সেপ্টেম্বর ২০২৫ : উত্তর আমেরিকার দেশ কানাডা,  যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবার হতে যাচ্ছে বিশ্বকাপ ২০২৬। বৈশ্বিক এই টুর্নামেন্টেই হবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকার শেষ বিশ্বকাপ। টুর্নামেন্টের সময়সীমা যত ঘনিয়ে আসছে, এ নিয়ে মানুষের আগ্রহের সীমাটাও বাড়ছে। প্রথমবারের মতো ৪৮ দলের এ বিশ্বকাপে সবমিলিয়ে ১০৪টি ম্যাচ হবে।

ফিফা’র বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভি জানায় আসন্ন বিশ্বকাপের টিকিট কেনার জন্য প্রাথমিকভাবে আবেদন করেছেন ৪৫ লাখের বেশি মানুষ।

ইন্ডিপেন্ডেন্ট আরো জানায়, এক বিবৃতিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘আবেদনের সংখ্যাটা শুধু অসাধারণ একটা পরিসংখ্যানই নয়, বরং শক্তিশালী বার্তাও বটে। পুরো বিশ্বই ২০২৬ বিশ্বকাপের অংশ হতে চাইছে। যে আয়োজনটা হবে বিশ্বের সবচেয়ে বড়, অন্তর্ভুক্তিমূলক ও রোমাঞ্চকর। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র থেকে শুরু করে প্রত্যেকটা মহাদেশের ছোট-বড় সব দেশের সমর্থকেরা আবারও প্রমাণ করেছেন, ফুটবলের প্রতি আবেগ বিশ্বকে এক করে দেয়। তিন আয়োজক দেশের প্রতিটি ম্যাচে উপস্থিত থাকতে সমর্থকেরা মুখিয়ে আছেন।’

টিকিটের দামও জানিয়েছে ফিফা। গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য ৬০ ডলার থেকে শুরু হয়ে ফাইনালে ৬৭৩০ ডলার পর্যন্ত মূল্য ধরা হয়েছে।