আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০৫ সেপ্টেম্বর ২০২৫: এই বছরের প্রথমার্ধে কানাডায় পড়াশোনার জন্য বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের সংখ্যা কমে গেছে। এই সংখ্যা এক বছর আগের তুলনায় প্রায় ৯০,০০০ কম। খবর সিবিসি নিউজের।
২০২৪ সালের গোড়ার দিকে ফেডারেল সরকার আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসার উপর একটি সীমা আরোপের পর এই সংখ্যা কমে এসেছে।
২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে, কানাডা ১২৫,০৩৪টি আন্তর্জাতিক স্টাডি পারমিট ইস্যু করেছে।

বুধবার সিবিসি নিউজকে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে এই সংখ্যা কমে ৩৬,৪১৭ জনে দাঁড়িয়েছে।
ভিসার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনের সংখ্যাও কমেছে। ২০২৫ সালের প্রথমার্ধে, বিভাগটি ৩০২,৭৯৫টি আবেদন পেয়েছে, যা ২০২৪ সালের প্রথমার্ধে ৩৯৮,৬৭৫টি এবং ২০২৩ সালের প্রথমার্ধে ৫৭৫,৫৩৫টি থেকে কম।
অভিবাসন মন্ত্রী লেনা দিয়াবের মুখপাত্র লরা ব্লোনডো বলেন, ২০২৫ সালে গৃহীত আবেদনের সংখ্যা হ্রাস “একটি স্পষ্ট লক্ষণ যে আমরা যে ব্যবস্থা গ্রহণ করেছি তা কার্যকর হচ্ছে।”
তিনি বলেন সামগ্রিকভাবে, সংস্থাটি “আমাদের অর্থনীতির বিকাশে সহায়তা করার জন্য বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় মেধাবীদের আকর্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে।”
“আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি টেকসই পথ তৈরি করতে আমরা প্রদেশ এবং অঞ্চল, মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় শিক্ষা কার্যক্রমের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।”
এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় প্রবেশের ক্ষেত্রে আরো লাগাম টানতে যাচ্ছে দেশটির সরকার। রয়টার্সের এক খবরে বলা হয়, কানাডা ২০২৫ সালেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে আনতে চায়। আবাসন, স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সমস্যার কারণে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
২০২৫ সালে ৪ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হবে যা ২০২৪ সালের সংখ্যার চেয়ে ১০ শতাংশ কম। গত ২৪ জানুয়ারি দেশটির অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।
এর আগে, ২০২৩ সালে সাড়ে ৬ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে কানাডায় পড়াশোনার অনুমতি দেওয়া হয়েছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের কাছে শীর্ষ পছন্দের দেশ কানাডা।
