অন্টারিওতে স্পিড ক্যামেরা নিষিদ্ধের আইন পাশ
আগামী দুই সপ্তাহের মধ্যে সব ক্যামেরা সরিয়ে নেওয়া হবে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ৩১, ২০২৫ : পক্ষে বিপক্ষে অনেক বাদানুবাদের পর শেষ পর্যন্ত ড্যাগ ফোর্ডের সরকার অন্টারিওতে স্পিড ক্যামেরা নিষিদ্ধের আইন পাশ করলো। আগামী সোমবার রাজ সম্মতি (royal assent) পাওয়ার পর এটি আইনে পরিনত হবে। এরপর পৌরসভাগুলোকে ১৪ নভেম্বরের মধ্যে ক্যামেরাগুলি অপসারণ করতে হবে।
অন্টারিও’র পরিবহনমন্ত্রী প্রবমিত সরকারিয়া বলেন, ক্যামেরা অপসারণের পর প্রাদেশিক সরকার শহরগুলিতে স্থাপনের জন্য অস্থায়ী সাইনবোর্ডের খরচ বহন করবে এবং পরবর্তীতে অবকাঠামোগত পরিবর্তন স্থাপনে সহায়তা করবে।

অন্যদিকে প্রিমিয়ার ড্যাগ ফোর্ড বলেছেন, পৌরসভাগুলিকে স্পিড বাম্প, উঁচু ক্রসওয়াক এবং গোলচত্বর ব্যবহার করার জন্য উৎসাহিত করা হবে এবং এই খরচের কিছু অংশ পূরণে সাহায্য করার জন্য একটি নতুন তহবিল গঠন করা হবে। তবে সরকার এখনও বলেনি সেই অর্থের পরিমাণ কত হবে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে ড্যাগ ফোর্ড বলেছিলেন, এই স্পিড ক্যামেরাগুলো অন্টারিওবাসীদের কাছ থেকে “নগদ অর্থ হাতিয়ে নেওয়ার” চেয়ে বেশি কিছু নয়। তিনি আরো বলেছিলেন, “যখন সকল স্তরের সরকারগুলির খরচ কমাতে এবং জীবনকে আরও সাশ্রয়ী করার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত, তখন অনেক পৌরসভা জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য সড়কে স্পিড ক্যামেরা ব্যবহার করছে।”
তবে টরন্টোর মেয়র অলিভিয়া চাউ আইনটি পাশের আগে বলেছিলেন, “আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত। এ রকম উদ্যোগ গ্রহণ করার অর্থ হবে আমাদের রাস্তাঘাট কম নিরাপদ হয়ে উঠবে।”
সিটি অফ টরন্টোর কর্মকর্তারা এবং কয়েকটি সিটির পুলিশ প্রধানও স্পিড ক্যামেরার সমর্থনে কথা বলেছিলেন। তারা জুলাইয়ের এক গবেষণার দিকে ইঙ্গিত করেন যেখানে দেখা গেছে যে সড়কের স্পিড ক্যামেরাগুলো “শহুরে স্কুল জোনে দ্রুতগতির যানবাহনের সংখ্যা ৪৫ শতাংশ কমিয়েছে।” অন্যদিকে কানাডিয়ান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের সাম্প্রতিকএকটি জরিপে দেখা গেছে যে ৭৩ শতাংশ অন্টারিওবাসী স্পিড ক্যামেরা সমর্থন করেন।
তবে ড্যাগ ফোর্ড বলেন, অন্টারিও প্রভিন্সের ৪৪৪টি পৌরসভার মধ্যে মাত্র ৩৭টিই ক্যামেরা সমর্থন করে।
নতুন আইনটি পাস হওয়াতে এখন অন্টারিওর ৪০টি পৌরসভায় চালু থাকা ৭০০ টিরও বেশি স্পিড ক্যামেরা অপসারণ করতে হবে। ফোর্ডের সরকার জানিয়েছে যে অন্টারিও’র পৌরসভাগুলিকে আগামী নভেম্বরের মাঝামাঝি নাগাদ সড়কের পাশে স্পিড সংক্রান্ত বড় বড় নতুন সতর্কতা চিহ্ন স্থাপন করতে হবে, এবং ২০২৬ সালের শরৎকালের মধ্যে ড্রাইভারদেরকে সতর্ক করার জন্য স্থায়ী ফ্ল্যাশিং-লাইট সাইনেজ স্থাপন করতে হবে।
স্পিড ক্যামেরা নিষিদ্ধের আইন পাশ হওয়ার পর অন্টারিও এনডিপি নেতা মেরিট স্টাইলস বলেন, “তারা যখন এই ক্যামেরাগুলো সরিয়ে ফেলবে তখন কী হবে তা নিয়ে আমি খুব চিন্তিত।”
