ডোনাল্ড ট্রাম্প সম্ভবত কানাডিয়ানদের কাছে সবচেয়ে অপছন্দের রাজনীতিবিদ: ফোর্ড
প্রবাসী কণ্ঠ ডেস্ক, আগস্ট ৮, ২০২৫ : অন্টারিওর প্রিমিয়ার ড্যাগ ফোর্ড বলেছেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত কানাডিয়ানদের কাছে সবচেয়ে অপছন্দের রাজনীতিবিদ, দেশের ভেতরে বা বাইরেও, যখন তিনি তার বাণিজ্য যুদ্ধে নতুন শুল্ক আরোপের কথা বলছেন।”
সিএনএন-এর উলফ ব্লিটজারের সাথে বাণিজ্য আলোচনা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফোর্ড বলেন, ডোনাল্ড ট্রাম্প অপছন্দের রাজনীতিবিদ এই কারণে যে তিনি তার নিকটতম পরিবারের সদস্যকেও আক্রমণ করেছেন, এবং আমরা এটিকে সেভাবেই দেখি।”
সিএনএন এর সাথে কথা বলার সময় ফোর্ড আরও এক ধাপ এগিয়ে বলেন, যেসব মার্কিন আইনপ্রণেতার সাথে সাম্প্রতিক সময়ে তিনি কথা বলছেন, তাদের বেশিরভাগই একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন।
“যখন আমি গভর্নর, সিনেটর এবং কংগ্রেস সদস্যদের সাথে কথা বলি, এমনকি রিপাবলিকানরাও, তারা ট্রাম্পের সাথে সম্পূর্ণ একমত নন। কিন্তু তারা বাইরে এসে কিছু বলতে ভয় পান কারণ রাষ্ট্রপতি তাদের পিছনে লাগতে পারেন।”
ফোর্ড অবশ্য এ কথাও বলেন যে, মুষ্টিমেয় কিছু বিশিষ্ট সিনেটর ব্যতিক্রম।
কানাডা-মার্কিন-মেক্সিকো চুক্তির (CUSMA) আওতায় নেই এমন পণ্যের উপর ট্রাম্প গত সপ্তাহে ৩৫ শতাংশ নতুন শুল্ক আরোপের সাথে কানাডার লড়াইয়ের সময় ফোর্ড সর্বশেষ এই মন্তব্য করেন। তিনি আমেরিকার বিরুদ্ধে ডলার ফর ডলার শুল্ক আরোপের জন্য চাপ দিচ্ছেন। তবে কানাডার অন্যান্য নেতারা এ বিষয়ে একমত নন।
ড্যাগ ফোর্ড আরও বলেন যে বাড়িত শুল্ক আরোপের ফলে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সতর্ক করে বলেছেন যে এই বাণিজ্য যুদ্ধ দীর্ঘায়িত হলে আরও বেশি মার্কিন কর্মী তাদের চাকরি হারাবেন।
