প্রেমের কথা স্বীকার করলেন জয়া, তবে বিয়ের ব্যপারে রয়েছে ভীতি
প্রবাসী কণ্ঠ ডেস্ক : দুই বাংলায়ই প্রবল জনপ্রিয় অভিনেত্রী জয়া। পেয়েছেন অনেক পুরষ্কার। অভিনয়শৈলী ও চরিত্র বাছাইয়ে বিচক্ষণতার পরিচয় দিয়ে অনেক আগেই হয়ে উঠেছেন নামি ও দামী এক শিল্পী।
বলতে গেলে অভিনয় ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন তিনি এখন। ঈদের ‘তাণ্ডব’, ‘উৎসব’-এর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুই সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’।

সম্প্রতি কলকাতার ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম জয়া অকপটে স্বীকার করে নেন তার একজন রোমান্টিক পার্টনার রয়েছে। এবং সেই পার্টনারের সঙ্গে অনেক দিন ধরেই বাস করছেন তিনি। কিন্তু একই সাথে এটিও বলেন যে, বিয়ের ব্যপারে রয়েছে তার ভীতি। অতীত সম্পর্কের তিক্ততার কারণেই এই ভীতি। জয়া তাই মনে করেন।
উল্লেখ্য যে, মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজের নামের শেষে মাসউদের বদলে জুড়ে নেন আহসান। সেই থেকে তিনি ‘জয়া আহসান’ নামেই দুই বাংলায় সমধিক পরিচিত।
ফয়সাল আহসানকে বিয়ের পর এক যুগেরও বেশি সময় সুন্দরভাবেই কেটে যায় এই দম্পতির। কিন্তু বিয়ের ১৩ বছরের মাথায় ভেঙে যায় তাদের সংসার। তবে এই সংসার ভাঙ্গার খবর নিয়ে তারা কেউই কখনো মুখ খুলেননি। আহসানের সঙ্গে বিচ্ছেদের পর কেটে গেছে আরও এক যুগেরও বেশি সময়। কিন্তু নতুন করে আর বিয়ের কথা ভাবেননি জয়া। এমন কি ‘আহসান’ পদবিটা এখনও নামের শেষে ব্যবহার করে আসছেন তিনি।
ফয়সাল আহসান ঢাকার নবাব খাজা আহসানউল্লাহ পরিবারের সন্তান। প্রশ্ন উঠেছে বিচ্ছেদের পরও কেন এক যুগ ধরে সাবেক স্বামীর নামের অংশ ধরে রেখেছেন তিনি? কিন্তু এই প্রশ্নের জবাব কখনোই দেননি অভিনেত্রী।
নানা সময়ে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেও ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না’ বলে এড়িয়ে গেছেন জয়া। এছাড়া ফয়সাল আহসানের সঙ্গে কেন তার সংসার টেকেনি, তা নিয়েও কখনো মুখ খোলেননি তিনি।
ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এবার জয়া অকপটভাবে স্বীকার করলেন, ‘হ্যাঁ, সম্পর্ক অবশ্যই আছে। মানুষ তো একা থাকতে পারে না।’ তবে তিনি জানান, তাঁর ‘বিশেষ মানুষটি’ সিনেমাজগতের কেউ নন। জয়ার ভাষ্যে, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা গুরুত্বপূর্ণ; আমরা সেটা পেরেছি। সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে জয়া জানান, ‘এটা আমি এখনই বলতে পারব না। আমার বিয়ে করার খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে কি না, কিংবা আদৌ হবে কি না-আমি জানি না। তবে বিয়ে করে একসঙ্গে থাকার ধারণাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এখনো সে ব্যাপারে সিদ্ধান্ত নিইনি।’ এর পরই জয়া জানান, বিয়ের ব্যপারে রয়েছে তার ভীতি। আর অতীত সম্পর্কের তিক্ততার কারণেই এই ভীতি।
