দেশ ও রাজনীতি নিয়ে শবনমের ক্ষোভ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব নায়িকা শবনম ফারিয়া। মডেলও করেন তিনি। গত বছর আন্দোলনের সময় সাধারণ মানুষের পক্ষে সরব হয়েছিলেন শবনম ফারিয়া। ফলে শাসকদলের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। কিন্তু তবু থেমে যাননি তিনি। সমাজ ও রাজনীতির বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে মত জানিয়ে গেছেন, তুলে ধরেছেন নিজের অবস্থান, স্বপ্ন দেখিয়েছেন নতুন এক বাংলাদেশের।
সম্প্রতি তিনি আবার সরব হয়েছেন ফেসবুকে। এবার ক্ষোভের কথা জানান তিনি দেশ নিয়ে। ফেসবুকে তিনি লিখেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’
তিনি আরো লিখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, “ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?” অন্য পক্ষ বলে, “ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!”’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমরা সাধারণ মানুষ, মাঝখানে দাঁড়িয়ে এই তামাশা শুধু চুপচাপ দেখে যাই। হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”
বাংলাদেশি পাসপোর্টের সীমাবদ্ধতার দিকে ইঙ্গিত করে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এই বলে যে, “এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা?”
শবনমের পোস্ট নিয়ে অনেকেই পক্ষে এবং বিপক্ষে মন্তব্য করেন। ইতিপূর্বে তার বিপক্ষে মন্তব্য করে এক যুকব চাকরীও হারিয়েছেন।
