মেকআপ যখন বিপদের কারণ হয়ে দাঁড়ায়
প্রবাসী কণ্ঠ ডেস্ক : মেকআপ নারীর সৌন্দর্য বৃদ্ধিতে ভূমিকা রাখে সন্দেহ নেই। কিন্তু সৈন্দর্য বৃদ্ধির এই উপকরণই আবার হয়ে উঠতে পারে সৈন্দর্যহানির কারণ।
এই ব্যাপারটি ঘটতে পারে যখন কেউ কোন পার্টি বা অনুষ্ঠান থেকে ফিরে এসে মেকআপ না তুলেই ঘুমাতে যান। কেউ কেউ আবার সময় মতো মেকআপ তুলতে ভুলেও যান।

এরকম অভ্যাস দীর্ঘদিন বজায় থাকলে অচিরেই ত্বক নষ্ট বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ত্বকে ব্রণ-ফুস্কুরি, র্যাশের সমস্যা বেড়ে যায়।
অনেক সময় দেখা যায় মেকআপ করার সময় নারীদের যতটুকু ধৈর্য থাকে, সেই ধৈর্যর সামান্যতম অংশও থাকে না পার্টি থেকে ফিরে এসে পরিস্কার করার বেলায়। কিন্তু এটি যে ত্বকের জন্য ক্ষতির কারণ হতে পারে তা অনেকেই জানেন না।
ডার্মালিংকস, এনসিআর-এর চর্মরোগ বিশেষজ্ঞ এবং মেডিকেল প্রধান ডাঃ বিদুষী জৈন ইন্ডিয়া টুডেকে বলেন যে “যদি মেকআপ সঠিকভাবে অপসারণ না করা হয়, তাহলে এটি ত্বকের ছিদ্রগুলিকে আটকে দেয়, ত্বকের প্রাকৃতিক বাধা ব্যাহত করে এবং ব্রণ এবং অকাল বার্ধক্যের ঝুঁকি বাড়ায় ।” অন্যদিকে আনন্দবাজার জানায় কলকাতার আর্টেমিস হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের চর্ম বিশেষজ্ঞ শিফা যাদবের মতে মেকআপ নির্দিষ্ট সময়ের মধ্যে না তুললেই ত্বকের ক্ষতি হয়। তিনি জানিয়েছেন, পেশাগত কারণে অনেককেই প্রতিদিন মেকআপ করতে হয়। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে মেকআপ তুলে ভাল করে মুখ পরিষ্কার করতেই হবে। তা না হলে ত্বকের রন্ধ্রে প্রসাধনীর ক্ষতিকর রাসায়নিক জমে গিয়ে তা বিপদ ডেকে আনতে পারে। তিনি বলেন, মেকআপ করার জন্য যে প্রসাধনীগুলো ব্যবহার করা হয় সেগুলোতে সালফেট, ফরমালডিহাইডের মতো রাসায়নিক যৌগ থাকে। এগুলোকে ‘কার্সিনোজেন’ বলা হয়। গবেষণায় দেখা গেছে কার্সিনোজেন ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে। এগুলো যদি বেশিক্ষণ ত্বকে লেগে থাকে, তা হলে নানা রকম ক্ষতি করতে পারে। তাই সঠিক সময়ে মেকআপ তুলে ফেলাই উত্তম।
