গৌরী ও আমি আমাদের সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি : আমির
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৫ জুলাই, ২০২৫ : দুই দফায় বিবাহবিচ্ছেদের পর নতুন প্রেমিকা গৌরীর মাঝেই নাকি জীবনের শান্তি খুঁজে পেয়েছেন বলিউডের সুপারস্টার মিস্টার পারফেকশনিস্ট নাম্য খ্যাত আমির খান। তাঁর ভাষায়, ‘গৌরী ও আমি এই সম্পর্ককে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মন থেকে আমি ওর সঙ্গেই বিবাহিত।’

আমির জানিয়েছেন এই সম্পর্ক কাগজে-কলমে না হলেও, মনে-প্রাণে তিনি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত। অবশ্য এখনও আইনি বা আনুষ্ঠানিক বিয়ে হয়নি বলেই ইঙ্গিত দিয়েছেন আমির। তিনি আরো জানিয়েছেন ভবিষ্যতে সেটা হবে কি না, সে সিদ্ধান্ত তাঁরা নেবেন একসঙ্গেই পথ চলতে চলতে।
এনটিভি আরো জানায় গৌরী বেঙ্গালুরুবাসী, বয়স ৪৬, এক ছেলের মা। অন্যদিকে আমির খান ৬১ বছর বয়সী, থাকছেন মুম্বাইয়ের এক বাড়িতে, গৌরীর সঙ্গেই।
উইকিপিডিয়ার তথ্যমতে, আমির খান ১৯৮৬ সালের ১৮ই এপ্রিল রীনা দত্ত নামের এক তরুণীকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে জুনায়েদ নামের একটি পুত্র এবং ইরা নামের একটি মেয়ে হয়। রীনা আমিরের চলচ্চিত্র লগান এর প্রযোজক হিসেবে কাজ করেছিলেন। কিন্তু ২০০২ সালের ডিসেম্বরে আমির রীনাকে তালাক দেন এবং সন্তানদের দায়িত্ব নেন রীনা দত্ত। এরপর ২০০৫ সালের ২৮শে ডিসেম্বর আমির খান কিরণ রাওকে বিয়ে করেন। কিন্তু এই বিয়েও টিকেনি। ৩ জুলাই ২০২১ সালে স্ত্রী কিরণ রাওয়ের সাথে বিবাহ বিচ্ছেদ হয় আমির খানের।
