ফুটবলে নতুন এক ইতিহাস গড়েছে নারীরা : সম্ভাবনা এবার বিশ্বকাপ খেলার

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০৬ জুলাই ২০২৫ : অদম্য, অপ্রতিরোধ্য ও দুর্দান্ত বাংলাদেশ নারী ফুটবল দল। একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছেন তারা। এবার বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে তারা এমন এক কীর্তি অর্জন করেছেন যা আগে কোনো নারী দলের ছিল না, শেষ বার পুরুষ জাতীয় ফুটবল দল এশিয়া কাপ খেলেছিল ১৯৮০ সালে।

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, বছর দশেক ধরেই বাংলাদেশের নারী ফুটবলারদের এই গ্রুপটা একের পর এক বাধা পেড়িয়ে এই পর্যায়ে এসেছে, বয়সভিত্তিক নানা প্রতিযোগিতায় শিরোপার পরে, টানা দুইবার দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দলের শিরোপা জিতেছে এই দলটি। তারই ধারাবাহিকতায় এবারে বাছাই পর্বে দুর্দান্ত খেলে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

সন্দেহ নেই, এই দলের প্রত্যেকে একেকজন যোদ্ধা, ওদের ভেতরে জেতার একটা ক্ষুধা আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বেতন খুবই সামান্য। সাফ জয়ের পর যে অর্থ ঘোষণা করা হয়েছিল সেটা এখনো দেয়া হয়সি তাদেরকে।

এদিকে এনটিভি জানায়, নারীদের সাফল্যে খুলেছে নতুন এক সম্ভাবনার দুয়ার। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপে চূড়ান্ত পর্ব কাজ করবে বিশ্বকাপ বাছাইপর্ব হিসেবেও। সেখানে ভালো করতে পারলে বাংলাদেশের নারী দলের সুযোগ মিলতে পারে ২০২৭ সালের নারী বিশ্বকাপে। যদিও সেটি বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলারের দলের জন্য এক অগ্নিপরীক্ষা হবে। তবু কাগজে-কলমে সেই সম্ভাবনা আছে।

একই সাথে বাংলাদেশের সামনে সম্ভাবনার দুয়ার খুলেছে আরেকটি। ২০২৮ সালে অনুষ্ঠিত হবে অলিম্পিকের পরের আসর। যেখানে থাকে ফুটবল ইভেন্টও। বর্তমানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে নারী দল সুযোগ করে নিতে পারে অলিম্পিকের ফুটবলের বাছাইপর্ব খেলারও।