এবার ঘন অন্ধকারের মধ্যেও সব কিছু দেখতে পাবে মানুষ

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৫ জুলাই ২০২৫:এবার ঘন অন্ধকারের মধ্যেও সব কিছু দেখতে পাবেন সাধারণ মানুষ। চিনা বিজ্ঞানীদের সৌজন্যে খুব শীঘ্রই সেই প্রযুক্তি হাতে পেতে চলেছে দুনিয়া। অত্যাধুনিক প্রযুক্তিটির সঙ্গে কৃত্রিম মেধা বা এআইয়ের (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) সংমিশ্রণ রয়েছে বলেও জানা গিয়েছে। বিখ্যাত বিজ্ঞানভিত্তিক পত্রিকা ‘সেল’এর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এই তথ্য জানায়।
বিজ্ঞান পত্রিকাগুলির প্রতিবেদন অনুযায়ী, বিশেষ ধরনের ইনফ্রারেড কন্ট্যাক্ট লেন্স বানিয়ে ফেলেছেন চিনা বিজ্ঞানীরা। সেটা চোখে পড়ে থাকলে অন্ধকার রাতে দিনের মতো পরিষ্কার সব কিছু দেখতে পাবেন ব্যবহারকারী।
বিশেষজ্ঞদের দাবি, তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা যায় ছবি। এর সঙ্গে সাধারণ ক্যামেরার মতো আলোর কোনও সম্পর্ক নেই। কন্ট্যাক্ট লেন্সে সংশ্লিষ্ট প্রযুক্তিটি থাকায় ঘন অন্ধকারে ব্যবহারকারী সব কিছু দেখতে পাবেন বলে জানা গিয়েছে।
তবে চিনা বিজ্ঞানীদের তৈরি ওই কন্ট্যাক্ট লেন্স এখনই বাজারে আসছে না। ‘সেল’-এর প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তি মানুষের উপর এখনও পরীক্ষা করা হয়নি। ইঁদুরের উপর এর পরীক্ষা চালানো হয়েছে। আগামী দিনে মানুষের উপর বিশেষ ধরনের ওই কন্ট্যাক্ট লেন্সের পরীক্ষামূলক প্রয়োগের ইচ্ছা রয়েছে চিনা বিজ্ঞানীদের। সেই সব পরীক্ষাশেষে পণ্যটি বাজারে আসতে আরও কয়েক বছর লেগে যেতে পারে।
