প্রযুক্তির লেটেস্ট চমক : ড্রাইভার ছাড়াই টেসলারগাড়ি পৌঁছেগেল ক্রেতার বাড়িতে!

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০৪ জুলাই ২০২৫:টেসলা এবার দেখালো নতুন আরেক চমক। কোন ড্রাইভার বা ডেলিভারি ম্যান ছাড়াই গাড়ি সরাসরি পৌঁছে গেল ক্রেতার বাড়িতে! আর ক্রেতা বাড়িতে বসেই তার ক্রয়কৃত নতুন গাড়িটি গ্রহণ করলেন। টেসলা, এক্স, এনগ্যাজেট এর বরাত দিয়ে এই তথ্য জানায় ইন্ডিপেন্ডেন্ট টিভি।
টেসলার তরফ থেকে দাবী করা হয় চালকবিহীন গাড়ি ডেলিভারি’র এই ঘটনা বিশ্বের প্রথম দৃষ্টান্ত। গত ২৮ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে গাড়ি ডেলিভারির পুরো প্রক্রিয়াটির ভিডিও প্রকাশ করেছে টেসলা।
টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরি থেকে ‘মডেল ওয়াই’ গাড়িটি কোনো চালকের সাহায্য ছাড়াই পৌঁছে গেছে ক্রেতার বাড়িতে। প্রায় ৩০ মিনিটের এই যাত্রায় ব্যবহার করা হয়েছে টেসলার ‘রোবোট্যাক্সি’ সেবায় ব্যবহৃত অটোনোমাস (স্বয়ংচালিত) বা সেলফ-ড্রাইভিং (স্ব-চালিত) প্রযুক্তি। উল্লেখ্য যে, ‘রোবোট্যাক্সি’ সেবায় যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে চালকের পাশের আসনে একজন করে সেফটি মনিটর (নিরাপত্তা পর্যবেক্ষক) বসেন। আর পেছনের সিটে বসেন যাত্রীরা। কিন্তু টেসলার মডেল ওয়াই গাড়িটির ক্রেতার দরজা পর্যন্ত পৌঁছানোর যাত্রায় ছিলেন না কোনো চালক। এমনকি ছিলেন না কোনো সেফটি মনিটরও। চালকবিহীন গাড়ির প্রযুক্তিতে টেসলার জন্য এটি এক বড় অর্জন।
