যেসব কারণে নষ্ট হতে পারে সেলফোন

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৫ জুলাই ২০২৫:বলা হয়ে থাকে যে স্মার্টফোন ওয়াটারপ্রুফ। কিন্তু তারপরও অনেক ক্ষেত্রে দেখা যায় পানিতে ভিজে সেগুলো নষ্ট হয়ে যায়। তবে শুধু পানিতে ভিজলেই সেল ফোন নষ্ট হতে পারে তা নয়, আরো অনেক কারণে সেল ফোন নষ্ট হতে পারে। নিউজ২৪বিডিটিভির এক প্রতিবেদনে বলা হয় ফোনের চার্জ একেবারে শূন্য শতাংশে এনে চার্জ করা যেমন ফোনের জন্য ক্ষতি তেমনি সারাক্ষণ ফোন চার্জে দিয়ে রাখাও ভালো না। এতে ফোনের ক্ষতি হতে পারে।
অনেকেই আবার পুরোনো ভার্সনের অপারেটিং সিস্টেম চালিয়ে যান। এতে ফোন স্লো হয়ে যায় এবং সিকিউরিটি রিস্ক বাড়ে। তাছাড়া অজানা অ্যাপ বা হ্যাক করা অ্যাপ ইনস্টল করলেও ফোন হ্যাং বা ভাইরাস আক্রান্ত হতে পারে।
অনেক সময় হাত থেকে ফোন মাটিতে পড়ে যায়। এতে করে প্রাথমিকভাবে কোন সমস্যা না হলেও, ধীরে ধীরে ফোনের ডিসপ্লে, ক্যামেরা লেন্স বা মাদারবোর্ডে ক্ষতি হয়। সুতরাং এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
কম মানের ব্যাটারি বা পার্টস অনেক সময় ফোনের জীবনের জন্য বিপদজনক হয়ে ওঠে। এগুলোর কারণে ফোন গরম হয়ে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে।
আরো খেয়াল রাখতে হবে ফোনের স্টোরেজ যেন প্রায় পূর্ণ অবস্থায় না থাকে। কারণ এতে করে ফোন ধীরগতির হয়ে যায়। অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে প্রসেসর ও র‌্যামের উপর অতিরিক্ত চাপ ফেলে। ফলস্বরূপ, ফোন হ্যাং হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যায়।