হিন্দু ব্রাহ্মণদের কেউ কেউ মহররম পালন করে থাকেন
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ৭ জুলাই, ২০২৫: গত ৪ জুলাই বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয় ভারতে হিন্দু ব্রাহ্মণদের কেউ কেউ মুসলিমদের মহরম পালন করে থাকেন।
মুসলিম ধর্মালম্বীদের কাছে আশুরার ঐতিহাসিক গুরুত্ব অনেক। কারবালা প্রান্তরে মহানবী (সা.)-এর দৌহিত্র হোসাইন (রা.)-এর মর্মান্তিক শাহাদাত বরণ ‘আশুরা’কে আরো গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত করেছে।

বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, জনশ্রুতি অনুযায়ী ৬৮০ খ্রীষ্টাব্দ বা হিজরি ৬১ সনের সেই যুদ্ধে নবী মোহাম্মদের দৌহিত্র ইমাম হোসাইনের হয়ে যুদ্ধ করেছিলেন ভারতের এক হিন্দু সারস্বত ব্রাহ্মণ – যার নাম রিহাব সিধ দত। শুধু নিজে যুদ্ধ করাই নয়, তার সাত পুত্রও না কি ইউফ্রেটিস নদীর তীরে সেই যুদ্ধে আত্মবলি দেন।
রিহাব সিধ দতের সেই ‘উত্তরসূরী’রা আজ শত শত বছর পরেও ইমাম হোসাইনের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতাপাশে বাঁধা পড়ে আছেন – যে কারণে তারা নিজেদের ধর্ম না পাল্টালেও শিয়া ইসলামের অনেক রীতিনীতি, বিশেষ করে মহররম মাসে আশুরা পালন করে চলেছেন আজও।
ইমাম হোসাইনের অনুগত, অথচ ধর্মবিশ্বাসে হিন্দু ব্রাহ্মণ – এই অনন্য সম্প্রদায়ই ‘হুসাইনি ব্রাহ্মণ’ নামে পরিচিত। ভারতের কোনো কোনো জায়গায় তাদের ‘মোহিয়াল ব্রাহ্মণ’ নামেও ডাকা হয়।
বিবিসি জানায়, আজও ভারতে হুসাইনি ব্রাহ্মণরা তাদের জীবনচর্যায় হিন্দু ও মুসলিম – দুই ধর্মেরই কিছু কিছু রীতি রেওয়াজ, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে থাকেন।
প্রসঙ্গত, ভারতের প্রয়াত বলিউড অভিনেতা সুনীল দত্ত ছিলেন একজন হুসাইনি ব্রাহ্মণ। তার অভিনেত্রী স্ত্রী নার্গিস দত্ত-ও ছিলেন ‘হাফ-মোহিয়াল’। তাদের সন্তানরা, তারকা অভিনেতা সঞ্জয় দত্ত ও রাজনীতিবিদ প্রিয়া দত্ত-ও পারিবারিক সূত্রে একই সম্প্রদায়ভুক্ত।
