জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশি আটক

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ৫ জুলাই, ২০২৫: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গত তিন মাসে ৩৬ জন বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল জানান মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়ে গড়ে ওঠা ইসলামিক স্টেটের একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। খবর বিবিসি নিউজের।
আটককৃতদের অনেকে কারখানা, নির্মাণ ও সেবাখাতে কর্মরত ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আইএসের এই নেটওয়ার্কটি সদস্য সংগ্রহের জন্য অন্য বাংলাদেশি শ্রমিকদের টার্গেট করতো। এ কাজে সোশ্যাল মিডিয়া ও অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করতো তারা। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন “তারা উগ্র মতাদর্শ প্রচার করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং নিজের দেশের বৈধ সরকারকে উৎখাতের পরিকল্পনায় কাজ করছিল।”
গত সপ্তাহে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, গ্রেফতার বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে। বাকিদের মধ্যে ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ইমিগ্রেশন ডিপার্টেমেন্টের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক। তিনি আরো বলেন, অপর ১৬ জনের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে এবং তারা পুলিশের হেফাজতে রয়েছেন।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করেছে এই খবর প্রকাশ হওয়ার পর তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয় বাংলাদেশেও।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনও এ ব্যাপারে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন।
তিনি জানান, ‘সন্ত্রাসবাদী সন্দেহে’ মালয়েশিয়ায় আটক ৩৬ জন বাংলাদেশি সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানতে চাইবে।
