ডান্ডাস সাবওয়ে স্টেশনের নাম বদল করা হচ্ছে
নতুন নাম হবে টিএমইউ স্টেশন

প্রবাসী কণ্ঠ ডেস্ক: টরন্টোর ডাউনটাউনে অবস্থিত ডান্ডাস সাবওয়ে স্টেশনের নাম বদল করা হচ্ছে। নতুন নাম হবে টরন্টো মেট্রোপলিটান ইউনিভার্সিটি স্টেশন বা সংক্ষেপে টিএমইউ স্টেশন। টরন্টো ট্রানজিট কমিশন বোর্ড গত মাসে সর্বসম্মতিক্রমে ডান্ডাস সাবওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে টিএমইউ স্টেশন করার পক্ষে ভোট দিয়েছে। খবর সিবিসি নিউজের।
২০২৩ সালের ডিসেম্বরে টরন্টো সিটি কাউন্সিল ট্রান্স-আটলান্টিক দাস ব্যবসার সাথে হেনরি ডান্ডাসের সংযোগের কারণে ইয়ং-ডান্ডাস স্কয়ারের নাম পরিবর্তন করে সানকোফা স্কয়ার রাখার জন্য ভোট দেওয়ার পর সম্প্রতি ডান্ডাস সাবওয়ে স্টেশনের নাম পরিবর্তনের এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্টেশনটির নাম ঠিক কবে পরিবর্তন করা হবে তা টিটিসি জানায়নি।
টিটিসি বোর্ডের চেয়ারম্যান জামাল মায়ার্স সম্প্রতি সাংবাদিকদের বলেন, “নাম পরিবর্তনের জন্য কোনও করদাতার অর্থ ব্যয় করা হবে না। ডান্ডাস স্টেশনের নাম পরিবর্তন করে টিএমইউ স্টেশন করার সাথে সম্পর্কিত সমস্ত খরচ টরন্টো মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় বহন করবে।” সিপি২৪ এই খবর জানায়।
উল্লেখ্য যে, এককালে দাসদের স্বাধীনতা প্রদানের বিরুদ্ধে কাজ করেছেন ডান্ডাস। অথচ তার নামেই টরন্টোতে একটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে তাঁর নামে যেটি সকলেই ‘ডান্ডাস স্ট্রিট’ হিসাবে চিনেন। এছাড়াও আরো কয়েকটি স্থাপনার নাম রয়েছে তাঁর নামে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডান্ডাস স্কয়ার এবং ডান্ডাস ও ডান্ডাস ওয়েস্ট নামের দুটি সাবওয়ে স্টেশন। তাঁর সম্মানে এগুলোর নামকরণ করা হয় বহুবছর আগে।
ডান্ডাস এর পুরো নাম হ্যানরি ডান্ডাস। তিনি ছিলেন একজন বৃটিশ রাজনীতিবিদ। ডান্ডাস একসময় বৃটেনের ‘হোম সেক্রেটারী’ ছিলেন। ‘সেক্রেটারী অব ওয়ার’ এর দায়িত্বও পালন করেছেন তিনি। দায়িত্বপূর্ণ পদে থাকা অবস্থায় তিনি দাসদের এর স্বাধীনতা প্রদানের বিরুদ্ধে কাজ করেছেন। তার ঐ ভূমিকার কারণে বৃটেনে দাস ব্যবসা বন্ধ হতে অতিরিক্ত আরো ১৫ বছর সময় লাগে। তিনি সে সময় দাসদের বিরুদ্ধে হয়ে উঠেছিলেন মহা অত্যাচারী এক ব্যক্তি।
এরকম একজন নির্দয়, নিষ্ঠুর মহা অত্যাচারী এক ব্যক্তির নামে নামকরণ করা হয় টরন্টো ও তার নিকটবর্তী শহর হ্যামিলটনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, লাইব্রেরী এমনকি এলাকার নামও! অথচ এই বিষয়গুলো নিয়ে এতদিন কেউ কোন প্রতিবাদ করেননি।
দাসদের স্বাধীনতা প্রদানের বিরুদ্ধে তিনি কাজ করায় এখন এই ডান্ডাস স্ট্রিট-সহ অন্যান্য স্থাপনার নামগুলো বদলে ফেলা হবে। এমনটাই সিদ্ধান্ত হয়েছে ২০২১ সালে টরন্টোর সিটি কাউন্সিলের এক সভায়। ঐ সভায় দীর্ঘ বিতর্কের পর ১৭ জন কাউন্সিলর নাম পরিবর্তনের পক্ষে রায় দেন। বিপক্ষে রায় দেন ৭ জন কাউন্সিলর।
সিবিসি নিউজের খবরে আরো বলা হয়, এর আগে জনদাবীর মুখে টরন্টোর তৎকালীন মেয়র জন টরি-ও বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন ডান্ডাস স্ট্রিটের নাম বদল করার বিষয়ে। ২০২১ সালের ৬ জুলাই সিটি অফ টরন্টো’র এক্সিকিউটিভ কমিটি সর্বসম্মতিক্রমে মেয়র জন টরি ও সিটি স্টাফদের একটি রিপোর্টের পক্ষে রায় দেন যেটাতে ডান্ডাস স্ট্রিটের নাম বদল করার প্রস্তাব ছিল। একই সাথে ডান্ডাসের নামে সিটিতে অন্য যে সব স্থাপনা রয়েছে সেগুলোর নামও বদল করার প্রস্তাব ছিল।
নাম বদলের প্রতি সমর্থন জানিয়ে সে সময়কার টরন্টোর মেয়র জন টরি বলেছিলেন, ‘আমরা আমাদের বর্তমান নিজ আদর্শ নিয়ে বাস করবো, আমাদের বর্তমান নিজ মূল্যবোধ নিয়ে বাস করবো। কানাডার কালিমাময় অতীত ইতিহাসকে অস্বীকার না করাটাও গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য যে, আজকে ডান্ডাস স্টেশনের নাম পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে যে বিশ্ববিদ্যালয়টি সেটির পূর্ববর্তী নাম ছিল রায়ারসন বিশ^বিদ্যালয়। এই রায়ারসন ছিলেন কানাডায় আদিবাসী শিশুদের জন্য আবাসিক স্কুল প্রতিষ্ঠার রূপকারদের অন্যতম একজন যেখানে শিশুদের উপর চালানো হয়েছিল নির্মম নির্যাতন। তারা পর্যাপ্ত খাবার পেতো না, ক্ষুধার্ত থাকতো। অপুষ্টির শিকার ছিল তারা। অনেক শিশু যৌন নির্যাতনেরও শিকার হয়েছে। এ সব অত্যাচারের কারণে চার হাজারেরও বেশী শিশুর মৃত্যু ঘটেছিল আবাসিক স্কুলগুলোতে।
২০২১ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের চত্বরে স্থাপিত রায়ারসনের একটি ভাস্কর্যের মাথা গুড়িয়ে দেওয়া হয়েছিল মুগুরের বাড়িতে। তার আগে ভাস্কর্যটির গলায় দড়ি বেধে টেনে হিচরে মাটিতে নামিয়ে আনা হয়েছিল।
