টরন্টোর আসন্ন মেয়র নির্বাচন : ব্র্যাডফোর্ডের চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে আছেন অলিভিয়া চাউ

(বাঁ থেকে) অলিভিয়া চাউ, ব্র্যাডফোর্ড ও ক্রিস আলেকজান্ডার। ছবি : সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : একটি নতুন জনমত জরিপের তথ্য অনুযায়ী, টরন্টোর আসন্ন পৌর নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে অনেকদূর এগিয়ে আছেন বর্তমান মেয়র অলিভিয়া চাউ। খবর সিটিনিউজ.কম এর।

সিটিনিউজ-এর জন্য করা ‘কানাডা পালস ইনসাইটস’-এর নতুন জনমত জরিপে দেখা গেছে, যারা ইতিমধ্যে প্রার্থীর ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তাদের মধ্যে চাও এর প্রতি সমর্থন রয়েছে ৫১ শতাংশের। আর ব্র্যাডফোর্ড এর প্রতি সমর্থন রয়েছে ৩৪ শতাংশের।  ক্রিস আলেকজান্ডার এর প্রতি সমর্থন রয়েছে ৯ শতাংশ ভোটারের। শীর্ষ এই তিনজন ছাড়া অন্য সব প্রার্থী মিলে ৬ শতাংশ সমর্থন পেয়েছেন।

তবে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ শতাংশ মনে করেন টরন্টোতে এখন পরিবর্তনের সময় এসেছে। এদের মধ্যে ৪৫ শতাংশের মতে চাউ পুনরায় নির্বাচিত হওয়ার যোগ্য। অন্যদিকে পরিবর্তনকামী সেই ৫৫ শতাংশের মধ্যে ব্র্যাডফোর্ড ৪৪ শতাংশ সমর্থন পাচ্ছেন।

এদিকে চাউ-কে সমর্থনকারীদের মধ্যে ৯০ শতাংশ বলেছেন যে তিনি পুনরায় নির্বাচিত হওয়ার যোগ্য; অন্যদিকে ব্র্যাডফোর্ডকে সমর্থনকারীদের মধ্যে মাত্র ৬ শতাংশ বলেছেন যে চাউ দ্বিতীয় মেয়াদের জন্য উপযুক্ত।

জনমত জরিপকারী জন রাইট সিটিনিউজ-কে বলেন, “এই পর্যায়ে এসে আমি বলব—যদিও প্রচারণার জন্য হাতে এখনও প্রায় চার সপ্তাহ সময় আছে—তবুও মেয়র চাউ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হবেন। আমার মনে হয় না তাঁর বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ রয়েছে কিংবা তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার মতো যথেষ্ট জোরালো কোনো কারণ বা তাগিদ আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *