বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিবেদিত কবিতা নিয়ে আহমেদ হোসেন এর একক আবৃত্তি অনুষ্ঠান

গত ১৫ আগস্ট, ২০২৬ শনিবার “ক্ষমা করবেন পিতা ” শিরোনামে টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবিতা নিয়ে আহমেদ হোসেন এর একক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।
ঘড়ির কাটায় যখন ঠিক ৮:৩০ তখন সঞ্চালক ফারহানা শান্তা মঞ্চে গিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন। বঙ্গবন্ধু ও আবৃত্তিকার সম্পর্কে কিছু কথা বলেই মঞ্চে ডেকে নেন আবৃত্তিশিল্পী আহমেদ হোসেনকে। ততক্ষণে হল পুরোপুরি ভরে গেছে। শিল্পী প্রথমেই আবৃত্তি করেন নির্মলেন্দু গুণের সেই বিখ্যাত কবিতা “আমি আজ কারো রক্ত চাইতে আসিনি” । এরপর তিনি একের পর আবৃত্তি করে চলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে লেখা বিভিন্ন কবির কবিতা। একে একে তিনি ২৩টি কবিতা আবৃত্তি করেন । কবিতা গুলো আবৃত্তি করতে গিয়ে যেন মনে হচ্ছিল তিনি অশ্রুসিক্ত হয়ে পড়ছেন আবার পর মুহুর্তেই ক্রোধে ফেটে পড়েছেন আবার তৎক্ষণাৎ নিজেকে সংবরণ করে নিয়ে কবিতা গুলোকে যেমন করে অন্যমাত্রায় নিয়ে যাচ্ছিলেন তাতে করে আবৃত্তিকারের মুন্সিয়ানা প্রকাশ পায়। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কবিতাই দর্শকদের হৃদয় স্পর্শ করে। পিনপতন নীরবতা দর্শকগণ আবৃত্তি উপভোগ করেন। এবং প্রতিটি কবিতা শেষ হবার পরে দর্শক মুহুর্মুহু করতালির মাধ্যমে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন। দর্শকদের মনে অনেকদিন পর্যন্ত এই অনুষ্ঠানের আবেশ রয়ে যাবে। এ শহর মনে রাখবে “ক্ষমা করবেন পিতা” শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে কণ্ঠশিল্পী ফারহানা শান্তা বঙ্গবন্ধুকে নিয়ে খালি গলায় দুইটি সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটির পোস্টার ডিজাইন করেছেন ফারিয়া শারমিন সেহেলী। মঞ্চ সজ্জা করেন বদরুদ্দোজা সিদ্দিকী এবং শব্দ নিয়ন্ত্রণে ছিলেন আসিফ চৌধুরী। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বাকসু প্রাক্তন ভিপি ফায়েজুল করিম।
জাতীয় সঙ্গীত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। -সংবাদ বিজ্ঞপ্তি
