টরন্টো সংস্কৃতি সংস্থার বর্ণিল বার্ষিক উৎসব ২০২৬ সম্পন্ন


তুখোড় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প “মশা” এর পাঠাভিনয়, জনপ্রিয় কন্ঠশিল্পী পৌষালী ব্যানার্জী এবং অন্তরা মিত্র এর সংগীত আর কৃষ্ণকলি সেনগুপ্ত পরিচালনায় চিলড্রেন কয়্যার ” বরিষ ধরা মাঝে শান্তির বাণী”, ড. সংযুক্তা ব্যানার্জী পরিচালনায় “ডন অব এ নিউ এইজ”, পূজা বিশ্বাস এর পরিচালনায় ” উত্তম কুমার – দ্যা শো ম্যান অব বেঙ্গলি সিনেমা”, শঙ্খচিল থিয়েটার এর নাটক ” অডিশন” এবং ব্যান্ড দল বাঙালিয়ানা’ এর সঙ্গীতায়োজনের মধ্যে টরন্টো সংস্কৃতি সংস্থার দুইদিনব্যাপী ( ২৩ – ২৪ মে ২০২৬ ) উৎসবের সফল সমাপ্তি হল গত মে ২৪ রবিবার, স্থানীয় একটি অডিটোরিয়ামে।

বৃষ্টিস্নাত দিনে বিপুল আগ্রহে সহস্র দর্শকশ্রোতার উপস্থিতি জানান দেয় নান্দনিক অনুষ্ঠান আয়োজনে টরন্টো সংস্কৃতি সংস্থা অভিজ্ঞ এবং সফল।
 
২০০৪ সালে কয়েকজন আড্ডাবাজ বাঙালির চিন্তার ফসল টরন্টো সংস্কৃতি সংস্থা (টিএসএস)। 

কফির আড্ডায় নষ্টালজিক মনের গান-কবিতা-নৃত্যকে তুলে এনে এই প্রবাসে উপস্থাপন করা এবং এখানকার বাঙালি প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে পরিচয় করার লক্ষ্য টিএসএস সেই থেকে আয়োজন করছে বার্ষিক পারফর্মিং আর্ট উৎসব ।

টিএসএস অনুষ্ঠানে বক্তার পর
বক্তা কখনোই থাকে না। তার ব্যত্যয় নেই এবছর। একবার শুধু পরিচালকবৃন্দ মঞ্চে এসে স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, আজীবন সম্মাননা পদক দেয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেন। কোন অযথা দীর্ঘ বক্তৃতা পর্ব থাকে না টিএসএস এর অনুষ্ঠানসূচিতে।

প্রজন্মকে সুকুমারবৃত্তির চর্চায় উৎসাহ প্রদান ও প্রবাসী বাঙালিদের মধ্যে বাঙালিত্বের, মূল চেতনার এবং ঐতিহ্যের  অধিকার সবার ভেতর ধারণ এবং সংস্কৃতির মেলবন্ধনের চেষ্টা টিএসএস এর। সে-লক্ষ্যে প্রথম থেকেই একের পর এক শিশু-কিশোরদের প্রযোজনা আনছে মঞ্চে তারা।

এ বছর আজীবন সম্মাননা প্রদান করা হয় ডা. সঞ্জীব মুখার্জীকে। চিকিৎসাক্ষেত্রে তাঁর অশেষ অবদানের স্বীকৃতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের তাঁর নিরলস প্রজ্ঞার প্রতি শ্রদ্ধা জানিয়ে টিএসএস এই সম্মান প্রদান করেন।

সম্প্রীতির বন্ধনে এক হোক মানবতা শীর্ষক উৎসব উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও দৃষ্টিনন্দ স্মারক বের করে টরন্টো সংস্কৃতি সংস্থা। 

টরন্টো সংস্কৃতি সংস্থার এই দুইদিনব্যাপী অনুষ্ঠানে দর্শকশ্রোতাগণ যেমন টিকিট কেটে সাহায্য করেছে ঠিক তেমনি বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিয়ে , শুভানুধ্যায়ীরা – পৃষ্ঠপোষকগণ অর্থ অনুদান দিয়ে আর শিল্পী কলাকুশলীরা শ্রম-সময়- মেধা দিয়ে উৎসবকে করেছে সার্থক –প্রাণবন্ত- উচ্ছ্বল- রঙীন। -সংবাদ বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *