এলিয়েনদের সঙ্গে মার্কিন সিআইএ কর্মকর্তাদের দেখা হয়েছিল!
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৬ এপ্রিল, ২০২৬ : এলিয়েন বা ভিনগ্রহী প্রাণী বলতে তাদেরকে বোঝানো হয়, যাদের উদ্ভব বা সৃষ্টি এই পৃথিবীতে হয়নি বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। কিন্তু সত্যিই কি এরকম কোন প্রাণীর অস্তিত্ব রয়েছে?
গত কয়েক দশকে অনেক বিজ্ঞানী দাবি করেছেন পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে। তবে এই দাবি নিয়ে অনেক বিতর্কও রয়েছে যদিও বিজ্ঞানীদের একটি বিরাট অংশ বিশ্বাস করেন যে, এদের অস্তিত্ব রয়েছে।

অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন নিয়ে আগ্রহের কমতি নেই। তাদের অনেকেই বিশ্বাস করেন এলিয়েন আছে। এ নিয়ে নানা গল্প আর সিনেমাও কম হয়নি।
কিন্তু এবারে জানা গেল, মানুষ আর এলিয়েনের মধ্যে যোগাযোগের বিষয়টি কেবল সিনেমা আর কল্পকাহিনীতেই সীমাবদ্ধ নয়। তাদের সাথে বাস্তবেই যোগাযোগ হয়েছে মানুষের । আর এই যোগাযোগের বিষয়ে অবগত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রয়াত জর্জ এইচ ডব্লিউ বুশ (সিনিয়র বুশ)।
মার্কিন ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্ট এর এক প্রতিবেদনের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভি জানায় যে, ‘দ্য এজ অফ ডিসক্লোজার’ নামের একটি তথ্যচিত্রে এমনটাই দাবি করা হয়েছে।
তথ্যচিত্রে এরিক ডেভিস নামের একজন জ্যোতির্পদার্থবিদের সাক্ষাৎকার রয়েছে। ঐ সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে, জর্জ এইচ ডব্লিউ বুশ ২০০৩ সালে ব্যক্তিগত এক আলাপচারিতায় তাকে মানুষের সাথে এলিয়েনের যোগাযোগের বিষয়টি জানিয়েছিলেন। ডেভিস আরো দাবি করেন, ১৯৬৪ সালে নিউ মেক্সিকোর হলোম্যান এয়ার ফোর্স বেসে মানুষের সাথে এলিয়েনের সাক্ষাৎ হয়েছিল এবং এ বিষয়ে বুশ অবগত ছিলেন।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রয়াত প্রেসিডেন্ট বুশ বলেছিলেন যে, তিনটি মহাকাশযান মার্কিন বেসের কাছাকাছি এসেছিল। এগুলোর মধ্যে একটি অবতরণ করেছিল এবং এর ভেতর থেকে মানুষ নয় এমন একটি সত্ত্বা এয়ার ফোর্স ও বেসামরিক সিআইএ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছিল।
তথ্যচিত্রে এরিক ডেভিস এও বলেছেন যে, মানুষ-এলিয়েন যোগাযোগ প্রসঙ্গে বুশ যখন আরও বিশদভাবে জানতে চেয়েছিলেন তখন নাকি তাঁকে বলা হয়েছিল, ‘তাঁর জানার প্রয়োজন নেই’।
সিনিয়র বুশ প্রয়াত হয়েছেন প্রায় ৭ বছর হয়ে গেল। এখন তাঁকে আর কাঠগড়ায় দাঁড় করানো কোন উপায় নেই জীবদ্দসায় সত্যিই তিনি এমন কথা বলেছিলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য। তবে এলিয়েন নিয়ে জল্পনা কল্পনা চলতেই থাকবে। হয়তো একদিন সত্যি সত্যিই এলিয়েনের দেখা পাবে মানুষ। অথবা সবটাই হয়তো কল্পনাই থেকে যাবে।
