বাংলা সাহিত্য পরিষদ টরন্টো’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

টরন্টো, ২৮ মার্চ, ২০২৬ (প্রবাসী কণ্ঠ) : মুক্তিযুদ্ধের গান, কবিতা ও নৃত্যের ছন্দে টরন্টোতে উদযাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। ‘বাংলা সাহিত্য পরিষদ টরন্টো’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল আলোচনা অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ।

শুরুতেই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন কানাডা প্রবাসী দুই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কিং হোসেন ও কাজী সরওয়ার। তাঁরা নিজ নিজ এলাকার যুদ্ধদিনের স্মৃতি শেয়ার করেন উপস্থিত দর্শক-শ্রোতাদের সঙ্গে।

এরপর পরিবেশিত হয় সম্মিলিত কণ্ঠে একটি দেশাত্মবোধক গান। এতে অংশ নেন নবীউল হক বাবলু, সুমি বর্মন, সুপ্রিয়া বিশ্বাস ও চঞ্চলা বিশ্বাস । শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান পরিবেশনের পাশাপাশি এককভাবেও দেশের গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তরুণ প্রজন্মের শিল্পী আনুস্কা সরকার। তার নৃত্যশৈলী উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

কবিতা আবৃত্তি করেন দেলওয়ার এলাহী, নার্গিস দোজা, মাহমুদা নাসরিন ও তাপস কর্মকার।

অনুষ্ঠানে আলোচনা পর্বে অংশ নেন সোনা কান্তি বড়ুয়া, ফরিদা আক্তার ও জালাল কবীর। বক্তারা দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলা সাহিত্য পরিষদের আহ্ববায়ক কবি মোয়াজ্জেম খান মনসুর ও ঋতুশ্রী ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *