আসন্ন টিডিএসবি ট্রাস্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিম দেওয়ান

প্রবাসী কণ্ঠ, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : টরন্টোর বাঙ্গালি অধ্যুষিত প্রধান দুই নির্বাচনী এলাকা বিচেস ইস্ট ইয়র্ক ও স্কারবরো সাউথওয়েস্ট (ওয়ার্ড ১০) থেকে আসন্ন আসন্ন টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড ট্রাস্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি- কানাডিয়ান আজিম দেওয়ান। আগামী ২৬ অক্টোবর (২০২৬)Toronto Municipal Election এর সাথে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আজিম দেওয়ান। ছবি : প্রবাসী কণ্ঠ

এ উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর স্থানীয় একটি রেস্টুরেন্ট এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন আজিম দেওয়ান। এতে উপস্থিত ছিলেন টরন্টোর বাংলাদেশি বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ।

সংবাদ সম্মেলনের শুরুতেই আজিম দেওয়ান বলেন, বিগত ২৬ বছর ধরে আমি গর্বের সাথে বিচেস-ইস্ট ইয়র্ক এবং স্কারবোরো সাউথওয়েস্টকে আমার বাড়ি বলে আসছি। আমার ছেলেমেয়েরা এখানকার স্থানীয় স্কুলে পড়াশোনা করেছে। আমি গত দুই দশকেরও বেশি সময় ধরে অভিভাবকদের কথা শুনেছি, শিক্ষাবিদদের সাথে সহযোগিতা করেছি এবং আমাদের স্কুল কমিউনিটিগুলোর পক্ষে কথা বলেছি। আমি এবার টিডিএসবি ট্রাস্টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি এটা নিশ্চিত করার জন্য যে, আমাদের স্কুলগুলো যেন তাদের প্রাপ্য সম্পদ পায় এবং বোর্ড পর্যায়ে ওয়ার্ড ১০-এর কথা শোনা হয়।

এর পর তিনি ওয়ার্ড ১০-এর জন্য তার অগ্রাধিকারসমূহ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। অগ্রাধিকারসমূহ হলো :

১. শিক্ষার্থীদের সাফল্য ও সাক্ষরতা

সাক্ষরতা ও গণিতের ক্ষেত্রে দৃঢ় ভিত্তির ওপর গুরুত্বারোপ, শিক্ষার্থীদের সাফল্যে সহায়তা প্রদান এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

২. বিশেষ শিক্ষা

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সময়মতো মূল্যায়ন, শ্রেণিকক্ষে পর্যাপ্ত সহায়তা এবং বিশেষ সম্পদের ব্যবস্থা করার পক্ষে ওকালতি করা হবে।

৩. নিরাপদ ও সহায়ক শিক্ষাঙ্গন

সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ শিক্ষার পরিবেশ, বুলিং-বিরোধী কার্যক্রম, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার পক্ষে জোর প্রচেষ্টা চালানো হবে।

৪. সুযোগ-সুবিধার উন্নয়ন

ওয়ার্ড ১০-এর স্কুলসমূহে জরুরি মেরামত, আধুনিক শ্রেণিকক্ষ, উন্নত প্রযুক্তি এবং নিরাপদ স্কুল অবকাঠামোর জন্য জোর প্রচেষ্টা চালানো হবে।

সংবাদ সম্মেলনে আজিম দেওয়ানের প্রতি সমর্থন ব্যক্ত করে বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ সামসুল আলম। এছাড়াও আজিম দেওয়ানে সমর্থনে বক্তব্য রাখেন কমিউনিটির আরেক নেতৃস্থানীয় ব্যক্তি খোকন আব্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *