আলবার্টায় বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, জুন ১২, ২০২৬ : Ipsos poll এর একটি নতুন জরিপ দেখা গেছে, ২০২৬ সালের শুরুর তুলনায় বর্তমানে আলবার্টা বিচ্ছিন্নতাবাদের প্রতি সমর্থন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। খবর গ্লোবাল নিউজের। জরিপটি চালানো হয়েছিল এই নিউজ চ্যানেলের পক্ষেই।

গত ২৮শে মে থেকে ১লা জুনের মধ্যে পরিচালিত Ipsos poll এর ঐ সমীক্ষায় দেখা গেছে, আলবার্টার ১৯ শতাংশ বাসিন্দা বলেছেন যে তাঁরা ফিউচার বাইন্ডিং রেফারেন্ডমে বিচ্ছিন্নতাবাদের পক্ষে ভোট দেবেন। অন্যদিকে ৭২ শতাংশ আলবার্টাবাসী বলেছেন তারা কানাডায় থাকার পক্ষে ভোট দেবেন। বাকিরা সিদ্ধান্তহীন, ভোট দেবেন না অথবা কোনো উত্তর দেননি।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ। ছবি : গ্লোবাল নিউজ

উল্লেখ্য যে, এই ১৯ শতাংশ সমর্থন গত জানুয়ারি মাসের তুলনায় ১০ পয়েন্ট কম, যখন আলবার্টার ২৮ শতাংশ বাসিন্দা বিচ্ছেদের পক্ষে ছিলেন।

Ipsos poll এর মতে বর্তমান পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে তাতে অক্টোবরের আলবার্টা গণভোটে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেতে হলে আলবার্টার বিচ্ছিন্নতাবাদীদের একটি বিশাল বাধা অতিক্রম করতে হবে। বর্তমানে, প্রতি দশজনের মধ্যে মাত্র দুইজন (১৯%) আলবার্টাবাসী বলছেন যে তারা ভবিষ্যতে বিচ্ছিন্নতার বিষয়ে একটি বাধ্যতামূলক গণভোট আয়োজনের বিকল্পের পক্ষে ভোট দেবেন, অর্থাৎ, “আলবার্টা সরকার কানাডার সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে, যার মাধ্যমে আলবার্টা কানাডা থেকে বিচ্ছিন্ন হবে কি না, সে বিষয়ে একটি বাধ্যতামূলক প্রাদেশিক গণভোট অনুষ্ঠিত হবে”।

ভবিষ্যতে  কানাডা থেকে আলবার্টার বিচ্ছিন্ন হওয়ার পক্ষে যারা ভোট দেবেন, তাদের মধ্যে দশজনের মধ্যে ছয়জন (৬১%) বলেন যে তাদের প্রধান কারণ হলো, “মূলত আমি মনে করি কানাডার বাইরে আলবার্টার ভবিষ্যৎ আরও ভালো হবে”। দশজনের মধ্যে চারজন (৩৯%) বলেন যে তাদের বিচ্ছিন্নতার পক্ষে ভোটের কারণ হলো, “মূলত কানাডার মধ্যে আলবার্টার সাথে ঐতিহাসিকভাবে দুর্ব্যবহার করা হয়েছে”।

তবে সামগ্রিকভাবে, আলবার্টার বাইরের ১১% কানাডিয়ান বলেছেন যে এখন গণভোট অনুষ্ঠিত হলে তারা তাদের প্রদেশকে কানাডা থেকে বিচ্ছিন্ন করার পক্ষে ভোট দেবেন। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, কুইবেকে বিচ্ছিন্নতার পক্ষে সমর্থন ৩০%, যা আলবার্টার চেয়ে ১২ পয়েন্ট বেশি। এর পরেই সর্বোচ্চ সমর্থন রয়েছে সাসকাচুয়ান/ম্যানিটোবায়, ১১%। অপরদিকে ব্রিটিশ কলাম্বিয়া (২%), অন্টারিও (৩%) বা আটলান্টিক কানাডায় (৩%) বিচ্ছিন্নতার পক্ষে, অর্থাৎ প্রায় কোনো সমর্থন নেই বলতে গেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *