কানাডায় তরুণ ও যুবকদের মধ্যে উগ্রপন্থা বাড়ছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, মে ০৫, ২০২৬ : কানাডায় তরুণ ও যুবকদের উগ্রপন্থায় দীক্ষিত হওয়া সম্পর্কে উদ্বেগজনক এক তথ্য সামনে এনেছে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (CSIS)-এর একটি নতুন প্রতিবেদন ।

সংস্থাটির নতুন প্রতিবেদনে দেখা গেছে ২০২৫ সালে ক্রমবর্ধমান সংখ্যক যুবক-যুবতী বা তরুণ-তরুণী—যাদের মধ্যে কারও কারও বয়স মাত্র ১৩—সংস্থাটির সন্ত্রাসবিরোধী তদন্তের আওতায় আসছে। বস্তুত, সিএসআইএস-এর প্রায় প্রতি ১০টি তদন্তের মধ্যে একটিতে এখন ১৮ বছরের কম বয়সী অন্তত একজন ব্যক্তি অন্তর্ভুক্ত থাকছে। খবর সিটিভি নিউজের।

কানাডায় তরুণ ও যুবকদের উগ্রপন্থায় দীক্ষিত হওয়া বাড়ছে।
প্রতীকী ছবি : পালাদিনসিকিউরিটি.কম

সিএসআইএস-এর একজন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, এই প্রবণতা অপ্রত্যাশিত না হলেও উদ্বেগজনক।

“এটা কি আশ্চর্যজনক? না। এটা কি উদ্বেগজনক? হ্যাঁ,” সিটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা নিল বিসন এ কথা বলেন। “ইন্টারনেট, ডিজিটাল মিডিয়া এবং সবকিছুর আন্তঃসংযোগ এখন একটি লক্ষ্যে পরিণত হচ্ছে।”

বিসন বলেছেন, দুর্বল ও সহজে প্রভাবিত হয় এমনসব যুবক বা তরুণদের অনলাইনে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সিএসআইএস রিপোর্টে তরুণদের এই প্রবণতার জন দায়ী একটি কারণের কথা উল্লেখ করা হয়েছে। আর তা হলো, আদর্শগত ও ধর্মীয়ভাবে অনুপ্রাণিত সহিংস চরমপন্থা (Religiously Motivated Violent Extremism বা সংক্ষেপে RMVE) সংক্রান্ত বিষয়বস্তুতে তরুণদের প্রবেশাধিকার।

“সোশ্যাল মিডিয়া, এনক্রিপ্টেড মেসেজিং, অনলাইন গেমিং প্ল্যাটফর্ম—এগুলো সবই এমন প্ল্যাটফর্ম যা সরাসরি শিশুদের সংস্পর্শে আসতে পারে এবং অপব্যবহারের শিকার হতে পারে,” এ কথা বলেছেন টরন্টো-ভিত্তিক সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি বিশ্লেষক রিতেশ কোটাক।

কোটাক মনে করেন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আইন মেনে চলতে বাধ্য করতে পারে, কিন্তু তিনি এও বলেন যে প্ল্যাটফর্মগুলো নিজেরাও আরও বেশি কিছু করতে পারত।

তিনি আরও বলেন, “তরুণদের সুরক্ষা দেওয়া এবং প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিরাপদ রাখা নিশ্চিত করার ক্ষেত্রে তারা যথেষ্ট কিছু করছে বলে আমি মনে করি না।”

কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস এর প্রতিবেদন অনুসারে, সন্ত্রাসবিরোধী তদন্তের ফলে ২০২৩ সালে পাঁচজন, ২০২৪ সালে দুইজন এবং ২০২৫ সালে চারজন নাবালককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, মাত্র কয়েক সপ্তাহ আগে অটোয়ার একটি আদালতে, ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত হয়ে ইহুদিদের উপর হামলার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে সন্ত্রাসবাদের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *