নতুন ধরনের হেলিকপ্টার, ইঞ্জিন বিকল হলেও ধসে পড়বে না মাটিতে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৭ এপ্রিল, ২০২৬ : হেলিকপ্টারের মতো উড্ডয়ন ও অবতরণ সক্ষম কিন্তু অনেক সাশ্রয়ী মূল্যের এক উড়োজাহাজ বাজারে আসছে যার নাম জাইরোকপ্টার। আর এটি শুধু সস্তাই নয়, পরিবেশবান্ধবও। মার্কিন গণমাধ্যম সিএনএন এর বরাত দিয়ে চ্যানেল২৪বিডি.টিভি জানায় জাইরোকপ্টারের ইঞ্জিন বিকল হলেও বাতাসের সহায়তায় ঘূর্ণায়মান রটরের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে পারে। ফলে দুর্ঘটনার সম্ভাবনা নেই।
একজন পাইলটসহ দুজন যাত্রী বহন করা সম্ভব এই জাইরোকপ্টারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা বেশিরভাগ হেলিকপ্টারের তুলনায় কম। তবে প্রস্তুতকারীদের দাবি, ‘জরুরি চিকিৎসা সেবাসহ বহু কাজে এটি হেলিকপ্টারের বিকল্প হতে পারে। একটি সাশ্রয়ী ও সহজ এয়ার অ্যাম্বুলেন্স হতে পারে এটি,যা হেলিকপ্টার দিয়ে করা প্রায় ৯০ শতাংশ মিশন সম্পন্ন করতে পারবে।’
যুক্তরাজ্যে হেলিকপ্টারভিত্তিক জরুরি চিকিৎসা সেবার গড় খরচ প্রতিটি মিশনে প্রায় ৪ হাজার ১৬৫ পাউন্ড। কিন্তু জাইরোকপ্টারের পরিচালন ব্যয় ঘণ্টায় আনুমানিক ৩০০ ডলার হবে।
