আসন্ন ফেডারেল উপনির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হতে যাচ্ছেন ডলি বেগম
প্রবাসী কণ্ঠ রিপোর্ট, ৫ মার্চ, ২০২৬ : স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী এলাকা থেকে ফেডারেল এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ডলি বেগম। গতকাল প্রকাশিত এক জরিপ রিপোর্ট বলছে, তিনি ব্যাপক ভোটে জয়ী হবেন। অন্যদিকে একই নির্বাচনী এলাকায় তার ছেড়ে আসা এমপিপি আসনেও প্রভিন্সিয়াল লিবারেল প্রার্থী ব্যাপক ভোটে জয়ী হবেন। এই আসনটিতে ডলি বেগম গত তিন টার্মে এমপিপি নির্বাচিত হয়েছিলেন এনডিপি’র প্রার্থী হিসাবে। জরিপটি পরিচালনা করে Mainstreet poll. খবর নাউটরন্টো.কম এর।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে জরিপটি আরও বলছে, বর্তমানে স্কারবরো সাউথওয়েস্ট আসনটি দখলে রাখা এনডিপির জন্য কঠিন হয়ে গেছে, যার একটি কারণ ডলি বেগমের ফেডারেল লিবারেলদের দিকে ঝুঁকে পড়া।
বর্তমানে এই আসনে প্রাদেশিকভাবে লিবারেলরা ৪৩% সমর্থন নিয়ে এগিয়ে আছে। আর প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি এগিয়ে আছে ২৯% সমর্থন নিয়ে। এর পরের অবস্থানে আছে এনডিপি। এদের বর্তমান সমর্থন রয়েছে ১৯%।
অন্যদিকে এই একই আসনে ফেডারেলভাবে ডলি বেগমের জনসমর্থন রয়েছে ৫৭%। কনজারভেটিভের রয়েছে ২২% এবং এনডিপির ১৫%।
উভয় নির্বাচনেই প্রায় ২০% ভোটার এখনও সিদ্ধান্তহীন রয়েছেন।
উল্লেখ্য যে, স্কারবরো সাউথওয়েস্ট রাইডিং- এর সাবেক এমপি ও মন্ত্রী বিল ব্লেয়ার যুক্তরাজ্যে কানাডার রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন শীঘ্রই। ফলে তার ঐ আসনটি খালি হয়ে যায়। এর পরপরই, ফেডারেল লিবারেলরা নিশ্চিত করে যে স্কারবোরো সাউথওয়েস্ট এর প্রাক্তন এমপিপি ডলি বেগম তাদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিপূর্বে তিনি স্কারবরো সাউথওয়েস্ট রাইডিং থেকে প্রভিন্সিয়াল এনডিপি’র হয়ে পরপর তিনবার এমপিপি নির্বাচিত হয়েছিলেন। তিনি দলটির ডেপুটি লিডারও ছিলেন। স্কারবরো সাউথওয়েস্টে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আর এই এলাকায় প্রচুর সংখ্যক বাংলাদেশি অভিবাসী বাস করেন।

এদিকে আসন্ন ফেডারেল উপনির্বাচনকে সামনে রেখে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার ডলি বেগম বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করেন। ঐ সভায় উপস্থিত ছিলেন টরন্টোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রফেশনাল সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণও।
৪৭২ ড্যানফোর্থ রোডে অবস্থিত ডলি বেগম এর নতুন নির্বাচনী অফিসে আয়োজিত হয় এই মত বিনিময় অনুষ্ঠান। শুরুতেই তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।
ডলি বেগম বলেন, “গত তিন টার্মে এমপিপি হিসাবে আমি স্কারবরো সাউথওয়েস্ট এর বাসিন্দাদের সেবা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এবার আমি আরো বৃহৎ পরিসরে অত্র এলাকার বাসিন্দাদের সেবা করতে চাই। আর সে কারণেই আমি এবার ফেডারেল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং সেটি লিবারেল পার্টি অফ কানাডার হয়ে।”
ডলি বেগম বলেন, “আজকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সামনে আমাদের কি পরিকল্পনা সেটা আপনাদের সমানে তুলে ধরার জন্য। উপনির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আমরা জানিনা কবে তা ঘোষণা করা হবে। তারপরও আমি মনে করছি যে, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এখনই একটু আলাপ আলোচনা করা দরকার এবং তাদের পরামর্শও নেওয়া দরকার।”
তিনি বলেন, “অত্র এলাকার জনগণের অনেক ইস্যু আছে যেটা নিয়ে তারা ভাবছেন। আগে অনেকেই আমার কাছে ফেডারেল লেভেল এর ইস্যু নিয়ে এসেছেন। কিন্তু আমি তখন প্রভিন্সিয়াল লেভেলে কাজ করেছি বলে সেগুলো নিয়ে কোনো কিছু করতে পারিনি। তবে এখন আমি আশান্বিত এবং একই সাথে উদ্দীপ্ত। কারণ, আমি আশা করছি আপনাদের সহযোগিতা পেলে স্কারবরো সাউথওয়েস্ট রাইডিং এর উপনির্বাচনে জয়ী হতে পারবো এবং এই এলাকার লোকদের স্বার্থ রক্ষার জন্য ফেডারেল লেভেলে কাজ করতে পারবো।”
ডলি বেগম আরও বলেন, “আমি একুট ক্লারিফাই করতে চাই কেন আমি এনডিপি ছেড়ে ফেডারেল লেভেলের লিবারেল পার্টিতে যোগ দিলাম। আমাকে ব্যক্তিগতভাবেও অনেকে এই প্রশ্ন করেছেন। সত্যি বলতে কি, আমি কয়েকমাস আগেও দল পরিবর্তনের বিষয়টি একেবারেই ভাবিনি। এই জাতীয় কোনো চিন্তা আমার মাথায় ছিলই না। তবে অতি সম্প্রতি কমিউনিটির কিছু শুভানুধ্যায়ী এবং পরামর্শক এবং লিবারেল পার্টির কিছু সিনিয়র মেম্বার ও প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি যে স্কারবোরো সাউথওয়েস্টের মানুষের জন্য আমরা আরও অনেক কিছু করতে পারি। এবং আপনারা সবাই জানেন যে স্কারবরো সাউথওয়েস্ট এর মানুষজন সর্বদাই আমার নাম্বার ওয়ান প্রায়োরিটি। আমার জন্য আমার কমিউনিটির মানুষ সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। সে কারণে এটি খুবই জরুরি যে আমি সত্যিকার অর্থেই এই এলাকার মানুষদের জন্য কিছু করতে চাই আরও ব্যাপক প্রাসপেক্টিভে।”
আলোচনা সভায় উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দের উদ্দেশে ডলি বেগম আরও বলেন, “আপনারা জানেন গত আট বছরে আমরা এই কমিউনিটির জন্য কিছু চমকপ্রদ কাজ করতে পেরেছি বিশেষ করে হাসপাতাল, হাউজিং এ সব বিষয়ে। আর যখন আমরা ফেডারেল লেভেলে এই কাজগুলো করতে পারবো তখন আমাদের কমিউনিটি আরো বেশি মাত্রায় উপকৃত হবে। হতে পারে এটি হাউজিং বিষয়ে, সিনিয়র সিটিজেনদের বিষয়ে বা অন্য কোনো বিষয়ে। ”
ডলি বেগম বলেন, “স্কারবরোতে আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকজনদের জন্য একটি বড় কমিউনিটি সেন্টার নেই। এ কারণে অনেক সিনিয়র সিটিজেন আছেন যাদের সামাজিক মেলামেশার কোনো জায়গা নেই, যেখানে গেলে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারতেন যা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারতো। আমাদের লংটার্ম কেয়ার ইস্যু, হাউজিং ইস্যু রয়েছে। হাউজিং এর জন্য কত মানুষকে বছরের পর বছর ধরে অপেক্ষা করতে হচ্ছে যা সত্যি বেদনাদায়ক। বার বছর, চৌদ্দ বছর অপেক্ষা করেও অনেকে হাউজিং পাচ্ছে না। আমরা চাই এই ইস্যুগুলো ফেডারেল লেভেলে উত্থাপন করতে এবং তা জোরালো ভাবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পরিশেষে তিনি সবাইকে আগামী উপনির্বাচনে লিবারেল এর হয়ে প্রচার প্রচারণায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানান । তিনি বলেন “২০১৭ সালে আমরা যখন প্রথম নির্বাচনী প্রচারণায় নামি তখন আমাদের ক্যাম্পেইন টিম একটি পরিবারের মত কাজ করছেল অত্যন্ত উৎসাহ নিয়ে। আমি আশা করবো আবারও আমরা সেদিনের মত উৎসাহ নিয়ে এক সাথে উপ নির্বাচনের প্রচার কার্যে অংশ নিতে পারবো।”
ডলি বেগম তার বক্তব্য শেষ করার পর একে একে মঞ্চে উঠে আসেন কমিউনিটির নেতৃবৃন্দ। তারা সকলেই ডলি বেগমের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান এবং বলেন তিনি একজন যোগ্য প্রার্থী। কারণ তিনি এমপিপি হিসাবে ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি জনগণের প্রকৃত বন্ধু। আগামীতেও তাদের জন্য তিনি অকৃত্রিম সেবা প্রদান করতে প্রস্তুত।
বক্তারা তাদের বক্তব্য ও পরামর্শ প্রদান করে আরও বলেন, তারা ফেডারেল পর্যায়ে বাংলাদেশি অধ্যুষিত স্কারবরো সাউথওয়েস্ট এর জনপ্রতিনিধি হিসাবে ডলি বেগমকে দেখতে চান। আবার পাশাপাশি প্রভিন্সিয়াল পর্যায়েও বাংলাদেশি-কানাডিয়ান কাউকে দেখতে চান এই একই রাইডিং থেকে।
সভায় আমন্ত্রিত অতিথিদের জন্য ইফতারেরও আয়োজনও ছিল।
