অন্টারিওর নতুন আইন অভিবাসীদের জন্য চাকরি খোঁজা সহজ করে তুলতে পারে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৫ জানুয়ারি, ২০২৬ : চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আরও স্পষ্ট এবং ন্যায্য করার জন্য অন্টারিও নতুন আইন এনেছে — বিশেষ করে নতুন অভিবাসীদের জন্য, যারা চাকরীর আবেদন করার সময় প্রায়শই বাধার সম্মুখীন হন।
১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হওয়া ২৫ বা তারও বেশি সংখ্যক কর্মচারী আছে এমন প্রতিষ্ঠানগুলোকে নিয়োগের ক্ষেত্রে এই নতুন আইন অনুসরণ করতে হবে। নতুন এই নিয়মের ফলে সাধারণ বাধাগুলি দূর হবে এবং বেতন, স্ক্রিনিং সরঞ্জাম এবং প্রকৃত চাকরির প্রাপ্যতার ক্ষেত্রে স্বচ্ছতা উন্নত করবে।

এই পরিবর্তনগুলি কর্মসংস্থান আইনকে আপডেট করবে এবং অন্যদেশে প্রশিক্ষিত কর্মীদের সমানভাবে প্রতিযোগিতা করতে সাহায্য করার পাশাপাশি নিয়োগকর্তাদের আরও অন্তর্ভুক্তিমূলক কর্মীবাহিনী তৈরিতে সহায়তা করবে।
নতুন নিয়মে কী কী আছে
নতুন আইনে সবচেয়ে বড় পরিবর্তনগুলির মধ্যে একটি হল নিয়োগকর্তারা আর চাকরির বিজ্ঞাপন বা আবেদনপত্রে “কানাডিয়ান কাজের অভিজ্ঞতা” থাকতে হবে এ জাতীয় কোনো শর্ত আরোপ করতে পারবেন না। তবে নিয়োগকর্তারা এখনও সাক্ষাৎকার প্রক্রিয়ার সময় একজন আবেদনকারীর অভিজ্ঞতা মূল্যায়ন করতে পারেন কিন্তু “কানাডিয়ান অভিজ্ঞতা” কে একটি সাধারণ বাধা হিসেবে ব্যবহার করতে পারবেন না।
নতুন আইনে আরেকটি বড় পরিবর্তন হলো কত বেতন দেওয়া হবে তা চাকরীর বিজ্ঞাপনে প্রকাশ করতে হবে। এটি বাধ্যতামূলক। নিয়োগকর্তাদেরকে অবশ্যই চাকরির বিজ্ঞাপনে নির্দিষ্ট মজুরি অথবা বাৎসরিক বেতন কত হবে সেটা উল্লেখ করতে হবে।
আবেদনকারীদের কীভাবে পরীক্ষা করা হবে সে সম্পর্কেও কোম্পানিগুলিকে খোলামেলা থাকতে হবে। যদি তারা কোনও সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে – যেমন স্বয়ংক্রিয় জীবনবৃত্তান্ত স্ক্যানিং বা সাক্ষাৎকার স্কোরিং – তবে তা চাকরির বিজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যাতে আবেদনকারীরা বুঝতে পারেন যে প্রক্রিয়াটি কীভাবে কাজ করে।
অনেক নতুন অভিবাসীর জন্য, নতুন এই আইন অর্থপূর্ণ পরিবর্তন আনতে পারে এবং ‘কানাডিয়ান-অভিজ্ঞতা’র প্রয়োজনীয়তা অপসারণ অন্যদেশে প্রশিক্ষিত পেশাদারদের জন্য আরও দরজা খুলে দিবে।
