গ্রেটার টরন্টো এরিয়ায় কনডো’র বাজারে ধ্বস : বিক্রি নেমে এসেছে ৩৫ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রবাসী কণ্ঠ ডেস্ক , নভেম্বর ২৭ ২০২৫ : গ্রেটার টরন্টো এরিয়ায় কনডোর বাজারে ধ্বস নেমেছে। রিয়েল এস্টেট গবেষণা সংস্থা `আরবানেশন’ এর একটি নতুন প্রতিবেদন এই তথ্য জানায়। খবর গ্লোবাল নিউজ এর।

আরবানেশনের তথ্য অনুসারে, একসময় দেশের সবচেয়ে উষ্ণ রিয়েল এস্টেট অঞ্চল- গ্রেটার টরন্টো এবং হ্যামিল্টন এরিয়ার কনডো বাজার এই বছর ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে মাত্র ৩১৯টি ইউনিট বিক্রি হয়েছে অত্র এলাকায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৪ শতাংশ কম এবং গত ১০ বছরের গড়ের চেয়ে ৯২ শতাংশ কম।
আরবানেশনের সভাপতি শন হিল্ডেব্র্যান্ড বলেছেন, “COVID-19 মহামারীর সময় কনডোর সংখ্যা অত্যধিক বৃদ্ধি পাওয়ার পর বাজারটি একটি কঠিন সংশোধনের মধ্য দিয়ে যাওয়ার ফলে স্পষ্টতই অবদমিত হয়ে পড়েছে।’
আবার দেখা গেছে, কনডো বিক্রির সংখ্যা যখন গত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে তখন নির্মাণ শুরু হওয়ার পরে বাতিল হওয়া কনডো প্রকল্পের সংখ্যাও রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের তিন মাসে মোট ২,৪৯৯টি ইউনিট সহ ১০টি প্রকল্প বাতিল করা হয়েছে, যার ফলে এ বছর মোট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টি প্রকল্প এবং ৪,০৪০টি ইউনিট। কিছু বিশেষজ্ঞ বলছেন যে এটি ভবিষ্যতে সরবরাহকে সংকুচিত করবে।
আরবানেশনের সভাপতি হিলডেব্র্যান্ড বলেন, “আজ যে কনডো নির্মানের কার্যকলাপে ভাটা দেখা দিয়েছে, তা নিশ্চিতভাবেই কয়েক বছরের মধ্যে নতুন কনডো সরবরাহে ঘাটতি তৈরী করবে। এবং তখন নতুন করে আবার কন্ডো নির্মান কার্যকলাপে প্রাণ সঞ্চার হবে।
