কানাডায় প্রায় ‘অর্ধ কোটি’ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন!
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর ২০২৫: এই সপ্তাহে থিঙ্ক ট্যাঙ্ক SecondStreet.org থেকে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে দেখা গেছে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা পাওয়ার জন্য অপেক্ষারত কানাডিয়ানদের সংখ্যা ক্রমশ বাড়ছে।
প্রতিবেদনে দেখা গেছে যে প্রায় ৩৭ লক্ষ কানাডিয়ান সার্জারি, ডায়াগনস্টিক স্ক্যান বা বিশেষজ্ঞ অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন। তবে ধারণা করা হচ্ছে প্রকৃত সংখ্যা ৫৮ লক্ষও হতে পারে। কারণ প্রদেশগুলো থেকে যে সংখ্যা পাওয়া গেছে তা অসম্পূর্ণ। খবর সিটিভি নিউজের।

“যদি আপনি নিজে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাস্থ্য সেবার জন্য অপেক্ষা তালিকায় না থাকেন, তাহলে সম্ভবত আপনি এমন কাউকে চেনেন যিনি অপেক্ষা তালিকায় আছেন,” SecondStreet.org এর যোগাযোগ পরিচালক ডম লুসিকে এ কথা বলেন। তিনি আরো বলেন, “আমি মনে করি কানাডিয়ানরা এমন একটি অব্যবস্থার কারণে ক্লান্ত হয়ে পড়ছেন। এটি তাদের জন্য কাজ করছে না এবং তারা প্রয়োজনীয় যত্ন পাচ্ছেন না অথচ এর জন্য তাদেরকে হাজার হাজার ডলার টেক্স দিতে হচ্ছে।”
অস্ত্রোপচারের জন্য অপেক্ষারতদের মধ্যে এমন একজন হলেন ক্যাথি হোল্ডিং। এই জানুয়ারিতে হিপ রিপ্লেসমেন্টের জন্য এপয়েন্টমেন্ট পেয়েছেন এবং এই এপয়ন্টেমেন্ট পেয়েছেন প্রথমবার ডাক্তারের সাথে দেখা করার প্রায় দুই বছর পর।
হোল্ডিং বলেন“প্রতিদিন ব্যথা হয়, তুমি এটা এড়াতে পারবে না।”
এমনকি এক কাপ চা বানানো এবং মুদিখানায় গিয়ে কেনাকাটার মতো মৌলিক কাজগুলিও হোল্ডিংয়ের জন্য বেশ চ্যালেঞ্জিং। তিনি বলেন যে নতুন হিপের জন্য অপেক্ষা করার কারণে তার জীবনের অনেক দিক পরিবর্তন হয়ে গেছে বাধ্যতামূলকভাবে।
তিনি বলেন, “বিষণ্ণতা এবং হতাশ এই পরিস্থিতিতে একটি বড় বিষয়। নিজের সীমাবদ্ধতা মেনে নিতে হচ্ছে। দুই বছর ধরে চলমান এই পরিস্থিতি পুরো বিশৃঙ্খলারই একটি অংশ।”
কানাডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ইনফরমেশন (CIHI) অনুসারে, ক্রমবর্ধমান চিকিৎসা সেবার চাহিদা মেটাতে আরও জোর দেওয়া হয়েছে। ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে কানাডা জুড়ে ২৬ শতাংশ বেশি হিপ প্রতিস্থাপন, ২১ শতাংশ বেশি হাঁটু প্রতিস্থাপন, ১১ শতাংশ বেশি ছানি অস্ত্রোপচার, ৭ শতাংশ বেশি ক্যান্সার অস্ত্রোপচার এবং ১৬ শতাংশ বেশি এমআরআই এবং সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে।
কিন্তু কানাডায় চিকিৎসা ব্যবস্থাগুলি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখিও হচ্ছে, যার মধ্যে রয়েছে বার্ধক্য এবং ক্রমবর্ধমান জনসংখ্যা এবং স্বাস্থ্যসেবা খাতে কর্মী ঘাটতি।
এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য SecondStreet.org এর সুপারিশগুলির মধ্যে রয়েছে হাসপাতালগুলির জন্য কার্যকলাপ-ভিত্তিক তহবিল বাস্তবায়ন করা। একটি এমন একটি মডেল যা বেশ কয়েকটি ইউরোপীয় দেশ, জাপান এবং অস্ট্রেলিয়ায় প্রয়োগ করা হয়েছে।
হোল্ডিংয়ের মতো রোগীদের ক্ষেত্রে হিপ রিপ্লেসমেন্ট এর জন্য অপেক্ষা যত দীর্ঘ হবে, ভবিষ্যতে অতিরিক্ত অস্ত্রোপচারের সম্ভাবনা তত বাড়বে এবং তার জন্য খরচ আরো বৃদ্ধি পাবে।
তবে SecondStreet.org এই পরিস্থিতির জন্য কোনও দল বা সরকারের উপর দোষ চাপাচ্ছে না, বরং কানাডায় স্বাস্থ্যসেবা প্রদানের পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য জোর দিচ্ছে।
“আমরা এই ধারণার উপর আর নির্ভর করতে পারি না যে কানাডার স্বাস্থ্যসেবা ব্যবস্থার সমস্ত সমস্যা বা অব্যবস্থাপনার কারণ কোভিড মহামারী।” এ কথা বলেন SecondStreet.org এর যোগাযোগ পরিচালক ডম লুসিক। “এটি একটি গভীর পদ্ধতিগত সমস্যা। আমাদের কিছু প্রকৃত স্বাস্থ্য সংস্কার করতে হবে যদি আমরা পরিস্থিতির উন্নয়ন চাই।
