নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চান চঞ্চল চৌধুরী

অনলাইন ডেস্ক : চঞ্চল চৌধুরী একজন অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় করে থাকেন। তিনি তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী চঞ্চল চৌধুরী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতেই সমান পারদর্শী। চঞ্চলের অভিনয় জীবন শুরু হয় চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে। পরবর্তীতে অসংখ্য নাটক ও টিভি ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।

ঢাকা পোস্ট জানায় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চঞ্চল বলেছেন নতুন ধরনের চরিত্র অভিনয় করতে চান তিনি। তার কথায়, ‘আমার যতগুলো সিনেমা আছে সবগুলো গল্প আলাদা চরিত্রগুলো আলাদা তা আমি একটু নতুন ধরনের গল্প নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই তার জন্য আমি অপেক্ষা করি।’

তিনি বলেন, ‘আসলে এই গ্যাপটা হচ্ছে অপেক্ষার এবং এই উৎসবের সঙ্গে যুক্ত হওয়ার পেছনে নিশ্চয়ই এটা দর্শক যখন দেখবেন বুঝতে পারবেন যে ওই চরিত্রটি হয়তো আমি আগে কোনোদিন করিনি।’

চঞ্চলের ভাষ্য, ‘আমি রিপিটেশনটা আসলে গল্পের ক্ষেত্রেও চাই না। আমি যে ধরনের গল্প করব ওটা যেন রিপিটেড গল্প না হয় আবার অভিনয়ের ক্ষেত্রেও তাই দর্শক যেন দেখতে এসে তাদের ভালো লাগে যেন নতুন একজন চঞ্চল চৌধুরীকে দেখলাম।’