পিতা-মাতা, দাদা-দাদি/নানা-নানি স্পনসরশিপের আবেদন স্থগিত করেছে কানাডা
প্রবাসী কণ্ঠ ডেস্ক, জুলাই ১৬, ২০২৬ : পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করার কর্মসূচির অধীনে, যারা তাদের বাবা-মা এবং দাদা-দাদি/নানা-নানিকে স্থায়ী বাসিন্দা হিসেবে কানাডায় আসার জন্য স্পনসর করতে চান, ফেডারেল সরকার এই বছর তাদের কাছ থেকে কোনো নতুন আবেদন গ্রহণ করবে না।

ছবি : দি কানাডিয়ান প্রেস এর
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, স্পনসরশীপের ব্যবস্থাটিকে দায়িত্বশীলভাবে পরিচালনা করা এবং অপেক্ষার সময় কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। খবর দি কানাডিয়ান প্রেস এর।
অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, স্পনসরশীপের প্রোগ্রামটির প্রতি আগ্রহীর সংখ্যা আসনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে।
ইতিমধ্যে ৬০,৫০০টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষার সময় প্রায় ৩৩ মাস। আর কুইবেকে তা ৬৬ মাস পর্যন্ত হতে পারে।
২০২০ সালে স্পনসরশীপের এই কর্মসূচিটি চালু করা হয়েছিল, যখন দুই লক্ষেরও বেশি স্থায়ী বাসিন্দা ও নাগরিক তাদের বাবা-মা অথবা দাদা-দাদি বা নানা-নানিকে কানাডায় আনার জন্য স্পনসর করতে আগ্রহ প্রকাশ করেছিলেন।
ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, নতুন এই সিদ্ধান্তের কারণে ২০২৬ এবং ২০২৭ সালে ১৫,০০০ পর্যন্ত মানুষকে কানাডায় স্থায়ী বসবাসের জন্য অনুমোদন দেওয়ার পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না। আর নতুন আবেদনপত্র গ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” কার্যকর থাকবে।
তবে কানাডার নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা এখনও “সুপার ভিসা”-র জন্য আবেদন করতে পারেন, যার মাধ্যমে তাদের বাবা-মা ও দাদা-দাদি/নানা-নানিরা অস্থায়ী ভিত্তিতে একবারে পাঁচ বছর এবং মোট ১০ বছর পর্যন্ত কানাডায় ভ্রমণের অনুমতি পাবেন।
