জমকালো আয়োজনের মধ্য দিয়ে টরন্টোতে অনুষ্ঠিত হলো বুয়েট নাইট ২০২৫

প্রবাসী কণ্ঠ, নভেম্বর ৩০, ২০২৫ : গতকাল শনিবার টরন্টোর গ্র্যাণ্ড সিনামন ব্যাংকুয়েট এ্যান্ড কনভেনশন সেন্টারে অত্যন্ত জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ‘বুয়েট নাইট ২০২৫’।
বুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডার উদ্যোগে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে কানাডায় বসবাসরত বুয়েটের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের পরিবারসহ অংশ নেন। বিকেল পাঁচটায় শুরু হওয়া পুনর্মিলনী অনুষ্ঠানটি চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। চার শতাধিক অভ্যাগতের উপস্থিতিতে বিশাল মিলনায়তনটি ছিল কানায় কানায় পূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথ ওয়েস্ট এর এমপিপি ডলি বেগম এবং একই এলাকার সিটি অফ টরন্টোর কাউন্সিলর পার্থি কান্দাভেল। আরো উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। সঙ্গীত, নৃত্য, নৃত্যনাট্য সব মিলিয়ে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন তারা। শিশু শিল্পীদের উপস্থিতি সাংস্কৃতিক পরিবেশনাকে আরো উপভোগ্য করে তুলে। উপস্থিত অভ্যাগতরা দারুণ উপভোগ করেন এই সাংস্কৃতিক পর্ব।
বুয়েট নাইট উপলক্ষে একটি সুদৃশ্য সুভ্যেনিরও প্রকাশ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে স্যুভেনিরে বিজ্ঞাপনদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয় যারা অনুষ্ঠানের স্পন্সর ছিলেন তাদের প্রতিও।
অনুষ্ঠানে বুয়েট এলামনাই এসোসিয়েশন কানাড ‘র সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, ডিরেক্টর এ্যানমিনিস্ট্রেশন মনিস পালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত অভ্যাগতদের উদ্দেশে বক্তব্য রাখেন। রাত নয়টায় অতিথিদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।
