টরন্টোতে অন্যস্বরের আয়োজনে অষ্ট কবির কবিতা, আলোচনা ও সংগীতের সন্ধ্যা

সুরবালা : টরন্টো, ২৪ অক্টোবর ২০২৬: কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন অন্যস্বর টরন্টোর বিশেষ আয়োজন ‘শিউলি শরৎ শিশিরে, হিল্লোল হাওয়ার হেমন্তে’। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত টরন্টো ফিল্ম ফোরাম মাল্টিকালচারাল স্ক্রিনিং সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সাহিত্যের আটজন বিশিষ্ট কবির কবিতা নিয়ে আবৃত্তি, আলোচনা ও সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, সুনীল গঙ্গোপাধ্যায়, আসাদ চৌধুরী, রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্, সুধীন্দ্রনাথ দত্ত, হেলাল হাফিজ ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পরিবেশন করা হয়।
আবৃত্তিতে অংশ নেন দিলারা নাহার বাবু, আনিসা লাকী, ফারিয়া সাহেলী, আসিফ চৌধুরী, রিফফাত নূয়েরীন, মুনিমা শারমিন, জুলিয়া নাসরিন, ফারিহা রহমান, ইলোরা সাঈদ, সাদমান, উম্মা রানু, ফারজানা বেবী ও আহমেদ হোসেন। কবিদের সাহিত্যকর্ম ও সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দেলওয়ার এলাহী।
আয়োজকদের নির্বাচিত আট কবির সঙ্গে অক্টোবর মাসের একটি বিশেষ যোগসূত্র রয়েছে। তাঁদের কেউ অক্টোবর মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ এ মাসেই মৃত্যুবরণ করেছেন। তাঁদের সাহিত্যকর্ম ও কবিতার মধ্য দিয়ে কবিদের স্মরণ এবং বাংলা সাহিত্যে তাঁদের অবদান তুলে ধরাই ছিল এ আয়োজনের অন্যতম দিক।
অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। হলভর্তি দর্শক মনোযোগের সঙ্গে উপভোগ করেন আবৃত্তি, আলোচনা ও সংগীতের পরিবেশনা। কবিতাকেন্দ্রিক এ আয়োজন প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতিচর্চার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উপস্থিত দর্শকদের কাছে সাড়া ফেলে।
অন্যস্বর টরন্টো ও অন্য থিয়েটার প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছে। আয়োজকদের এ সাংস্কৃতিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
