জনপ্রিয় অভিনেত্রী কোয়েলের নতুন জীবন
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৫ এপ্রিল, ২০২৬ : ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অভিনয় জগত থেকে এবার রাজনীতির ময়দানে পা রাখলেন। তৃণমূল কংগ্রেসের থেকে মনোনয়ন লাভ করার পর গত ৬ এপ্রিল ভারতের রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। দিল্লিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভি জানায়, সংসদ সদস্য হিসেবে কোয়েলের শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল ষোলআনা বাঙালিয়ানায় মোড়ানো। মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাতেই তিনি শপথবাক্য পাঠ করেন।
শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোয়েল লেখেন, ‘আমি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলার মানুষের সেবা করার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আজ থেকে এক নতুন পথচলা শুরু হলো। আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি।’
শপথ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন তার পরিবারের অনেকে। এদের মধ্যে ছিলেন বর্ষীয়ান অভিনেতা কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক। এ ছাড়াও ছিলেন অভিনেত্রীর স্বামী নিসপাল সিং রানে এবং তাঁদের আদরের পুত্র কবীর। শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে দিনটি ছিল অভিনেত্রীর কাছে বেশ আবেগঘন একটি সময়।
কোয়েল একবার ফিল্মফেয়ার পুরস্কার, দুইবার বিএফজেএ পুরস্কার, একবার আনন্দলোক পুরস্কার লাভ করেন। ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে মহানায়ক সম্মান পুরস্কার প্রদান করে।
