৭৩ পেরিয়ে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৬ জানুয়ারি, ২০২৬ : দুই বাংলায়ই জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত । গুণী এই শিল্পীর অভিনয় জীবন শুরু হয়েছিল ইংরেজি থিয়েটার দিয়ে। তারপর খ্যাতিমান পরিচালক মৃণাল সেনের ছবিতে অভিনয়, এবং অভিনয়ের পাশাপাশি গান গাওয়া। লেখা লেখিতেও ছিল তার হাত। লিখছেন তিনি বহুদিন ধরেই। তাঁর লেখা গোয়েন্দা গল্প নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক বই। তবে এবার লিখলেন আত্মজীবনী। সেকথা তিনি নিজেই ফেসবুকে জানান দেন।
অঞ্জন দত্ত লিখলেন, “দেখতে দেখতে ৪ বছর কেটে গেছে। আমার ৪ খানা গোয়েন্দা গপ্পের বই ছেপে বেরিয়েছে। প্রথম দুটোতে তিনটে করে রহস্য। তারপর দুটো বড় রহস্য। অর্থাৎ ৮ খানা রহস্য। আমার গোয়েন্দা সুব্রত শর্মা কে নিয়ে ৮ টা কাহিনি। কে, কারা, কতজন পড়েছে আমি জানি না। বিক্কিরি শুনেছি মন্দ হয়নি। কিন্তু এগিয়ে এসে খুব কম পাঠক বলেছে “ভালো”।
অঞ্জন দত্ত ইতিপূর্বে বলেছিলেন “একটা আমার আত্মকথা। আমার এই এতো বছরের এতো কিছু করা। পৃথিবীর কতো বড় মাপের মানুষের সঙ্গে সম্পর্ক। ৭৩ বছর ধরে দুনিয়া দেখা, এই শহর, দার্জিলিং, বার্লিন… এতো গাদা গুচ্ছের স্মৃতি, সম্পর্ক, হেরে যাওয়া, জিতে যাওয়া, হারিয়ে যেতে যেতে কোনমতে ভেসে থাকা… কতো বিখ্যাত মানুষের ভালবাসা, কোতো অখ্যাত মানুষের সাহায্য… বিপর্যয়, হতাশা, আনন্দ। সব কিছু একটা বইতে লেখা সম্ভব নয়। কিন্তু চেষ্টা করা উচিৎ প্রকাশকের কথা রাখার। তাই লিখেছি।”
গত ১৯ জানুয়ারি ছিল অঞ্জন দত্তের জন্মদিন। ৭২ বছর পূর্ণ করে ৭৩-এ পা রেখেছেন তিনি। জন্মদিনের কদিন আগেই প্রকাশ পেল তাঁর নতুন আত্মজীবনী।
গত ১৫ জানুয়ারি কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোর–এ আয়োজিত ‘বাহাত্তরে অঞ্জন’ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। -সূত্র : আজকাল/যুগান্তর
