শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ও প্রতিকার

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ০১ জুলাই, ২০২৫:  ক্যালসিয়ামের অভাব হলে মানব দেহে চরম ক্লান্তিভাব আসতে পারে। অনুভব হতে পারে পেশি ব্যথা বা খিঁচুনি। এছাড়াও হাঁটাহাঁটি বা নড়াচড়া করার সময় উরু ও বাহুতে ব্যথা অনুভব হতে পারে। অনুভব হতে পারে হাত, বাহু, পা ও মুখের চারপাশে অসাড়তাও। তাই এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান মানুষের শরীরের জন্য।

শরীরে যদি প্রয়োজনীয় মাত্রার ক্যালসিয়াম থাকে তবে তা রক্ত জমাট বাঁধতে, পেশীগুলিকে সংকোচন করতে এবং স্বাভাবিক হৃদযন্ত্রের ছন্দ এবং স্নায়ুর ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্যালসিয়ামের সোর্স। ছবি: সংগৃহীত

শরীরে ক্যালসিয়ামের অভাব থাকলে শিশুদের বিকাশও বাধাপ্রাপ্ত হয়। এখন শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে কি না তা কীভাবে বুঝবেন?

সময়নিউজ.টিভি এক প্রতিবেদনে জানায়, শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কিছু উপসর্গ আপনার মধ্যে অচিরেই ফুটে উঠবে। বিশেষজ্ঞরা মনে করেন, পেশিতে ব্যথা, অনিয়মিত হৃদ্‌স্পন্দন, আঙুলে অসাড়তা বা ঝিনঝিন অনুভূতি হওয়া, হাতের নখ ভঙ্গুর হয়ে যাওয়া, প্রায়ই ভুলে যাওয়ার প্রবণতা প্রভৃতি লক্ষণ দেখা দেবে যদি আপনার ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। এ ছাড়াও ক্যালসিয়ামের অভাব হলে আপনার ঘুমের সমস্যা দেখা দেবে। মাড়ি বা দাঁতে গর্ত হতে পারে। অল্পতেই আপনি ক্লান্ত অনুভব করবেন, যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে। ত্বকের শুষ্কতাও ক্যালসিয়ামের অভাবের একটি বড় লক্ষণ হতে পারে।
গবেষণায় আরো দেখা গেছে, ক্যালসিয়ামের অভাব হলে হতাশাসহ মেজাজ খারাপ হওয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে ডায়েটে রাখতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। চিকিৎসকেরা পরামর্শ দেন  শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর করতে হলে লেবুজাতীয় খাবার খাওয়া যেতে পারে।  কারণ, এগুলোতে থাকে সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি, যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত মেটাতে সাহায্য করে।
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সয়াবিনও অত্যন্ত কার্যকর। এক কাপ সয়াবিনে প্রায় ১৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। তাই নিয়মিত ডায়েটে রাখতে পারেন সয়াবিন।
এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে ঢেঁড়স, কচু, পনির, ছোট মাছ, ডিম, দুধ, পালং শাক, ব্রোকলি, কাঠবাদাম খেতে পারেন। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে এগুলো ম্যাজিকের মতো কাজ করে।