বাংলাদেশের ইতিহাসে সাকিবের মতো প্লেয়ার আসে নাই
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৬ জুলাই ২০২৫ : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আওয়ামী আমলে ছিলেন সংসদ সদস্য। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অন্যতম এই আইকন প্রায় বছরখানেক ধরে জাতীয় দলে নেই।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখন রাজনৈতিক কারণে তাকে বাইরে থাকতে হচ্ছে। রাজনীতির খেলা অন্যরকম আর ক্রিকেট খেলা আরেক রকম। তবে সাকিবের রিপ্লেসমেন্ট এখনো হয় নাই, কবে হবে জানি না।’ যুগান্তরকে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সাকিব আল হাসানের মতো প্লেয়ার, আমার মনে হয় অন্য গ্রহ থেকে এসেছে। বাংলাদেশের ইতিহাসে ওর মতো প্লেয়ার আসে নাই। ওর মতো ধারাবাহিকভাবে বিশ্ব ক্রিকেট সেরা অলরাউন্ডার ছিল। একজনের কতটুকু প্রতিভা থাকলে যেমন ব্যাটিং, বোলিং তেমন লিডারশিপ।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু ইতিপূর্বে বলেছিলেন, সাকিবের জন্য এখনো জাতীয় দলের দরজা খোলা। কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সাকিবকে এখনই জাতীয় দলের ফেরানোর ব্যাপারে বোর্ডে কোনো আলোচনা হয়নি।
তবে দলে না থাকলেও ঠিকই দলের আলোচনায় আছেন তিনি। যদিও এখন তিনি চল্লিশের কাছাকাছি কিন্তু তারপরও প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দিতে যথেষ্ট। সম্প্রতি বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘আমাদের অনেক কিছুর বিলাসিতা করার সুযোগ নেই। অনেক সময় আমাদের ব্যাটার কম থাকে, আবার অনেক সময় বোলার কম থাকে। সাকিব যখন ছিল তখন আমাদের বিলাসিতা করার সুযোগ ছিল।’
উল্লেখ্য যে, সাকিবের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে এক গার্মেন্টস কর্মীকে হত্যার অভিযোগে মামলা রুজু হয়েছে। এছাড়া শেয়ারবাজার সহ আর্থিক খাতের কিছু কেলেঙ্কারিতে নাম এসেছে তার। এক সময় দুর্নীতি দমন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা সাকিব এখন নিজেই দুর্নীতির দায়ে প্রতিষ্ঠানটির তদন্তের আওতায় এসেছেন।
এসবের কারণে গত এক বছরে দেশে পা পড়েনি তার। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে সাকিবের সংশ্লিষ্টতা তাকে বেশ বিতর্কিত করেছে।
