প্রিমিয়ার ড্যাগ ফোর্ডের জামাতার কাণ্ড
“একটা পচা আপেল’ ভরা ঝুড়িতে আরেকটি পচা আপেল!”
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ফেব্রুয়ারি ১০, ২০২৬ : শ্বশুর মশাই অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার। বিরাট ক্ষমতা তার। আর তার জামাতা হলেন Ernest “Dave” Haynes. আর্নেস্টের বিয়ে হয় ড্যাগ ফোর্ডের মেয়ে Krista Ford Haynes এর সাথে।
ফেব্রুয়ারির গোড়ার দিকে আদালতে সাক্ষ্য দিতে হাজির হন তিনি। কারণ তার বিরুদ্ধে অবাধ্যতা, আস্থা ভঙ্গ এবং অসম্মানজনক আচরণের জন্য ১২টি অভিযোগ আনা হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, আর্নেস্টের বিরুদ্ধে আনা বেশ কয়েকটি অসদাচরণের অভিযোগের সাথে এই অভিযোগগুলি সম্পর্কিত। এই অভিযোগগুলির মধ্যে রয়েছে তার স্ত্রী সহ বাহিনীর বাইরের লোকদের সাথে অভ্যন্তরীণ পুলিশ কার্যক্রমের তথ্য ভাগ করে নেওয়া, অননুমোদিত ব্যক্তিদের সাথে গোপনীয় তথ্য ভাগ করে নেওয়া, পুলিশ প্রধানকে অবমূল্যায়ন করা ইত্যাদি।
২০২১ সালে, টরন্টো পুলিশ সার্ভিস-এর COVID-19 টিকা সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করতে অস্বীকৃতি জানানোর পর তাকে বরখাস্তও করা হয়েছিল। সেই সময়ে, ফোর্ড হেইনস অভিযোগ মোকাবেলা করার জন্য একজন স্বাধীন আইনজীবীর জন্য তহবিল সংগ্রহের জন্য একটি GoFundMe প্রচারণাও শুরু করেছিলেন।
মিডিয়া রিপোর্ট অনুসারে ফেব্রুয়ারির সর্বশেষ শুনানিতে আর্নেস্ট বলেছিলেন যে- পুলিশ বাহিনীতে অফিসারদের ক্লান্তি, কর্মীদের অভাব এবং পদ্ধতিগত সমস্যা সহ কথিত সমস্যাগুলি নিয়ে কথা বলার পরে তাকে “পদত্যাগ” করানো হয়েছে। তিনি আরও দাবি করেছেন যে চিকিৎসা সংক্রান্ত সমস্যার কারণে ২০২১ সালে কভিড এর টিকা নেননি।
আর্নেন্টের আইনজীবী Bath-Shéba van den Berg অভিযোগ করেছেন যে, পুলিশ বাহিনীর সমস্যাগুলি নিয়ে কথা বলার পরে তার মক্কেল কর্মক্ষেত্রে একা হয়ে পড়েন এবং হুমকিরও সম্মুখীন হয়েছিলেন।
বিচারের সম্মুখীন হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে আর্নেস্টকে নিয়ে আলোচনা বেশ জমে উঠে। একজন ব্যক্তি X-এ বলেছেন, “পৃথিবীতে এমন কোন কারণ নেই যে তার স্ত্রীর কাছে ইমেল ফরোয়ার্ড করা উচিত ছিল। তাকে বরখাস্ত করা উচিত ছিল।”
সোশ্যাল মিডিয়ায় অন্য একজন মন্তব্য করেছেন এই বলে যে, “মনে হচ্ছে আর্নেস্ট তার বসদের মুখ বন্ধ করে দিয়েছিল। কারণ সে বিশ্বাস করত যে সে নিরাপদ। যেহেতু সে ডগ ফোর্ডের জামাতা। আমি বাজি ধরতে পারি যে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ খারিজ হয়ে যাবে।”
আর্নেস্টকে উদ্দেশ্য করে আরেকজন মন্তব্য করেছেন এই বলে যে, “একটা পচা আপেল’ ভরা ঝুড়িতে আরেকটি পচা আপেল।” স্যোসাল মিডিয়াতে আরেকজন মন্তব্য করেন এই বলে যে, “আর্নেস্ট টরন্টো পুলিশ সার্ভিস এর সমস্যাগুলি নিয়ে বেশ সোচ্চার ছিলেন। যার মধ্যে আছে দুর্নীতি, দুর্বল নেতৃত্ব ইত্যাদি। যা আমরা সম্প্রতি সত্য বলে মনে করছি।”
