২০২৫ সালে কানাডা ৩,৯৩,৫০০ জন নতুন ইমিগ্রেন্টকে স্বাগত জানিয়েছে
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৬ জানুয়ারি, ২০২৬ : কানাডা গত বছর ৩,৯৩,৫০০ জন নতুন ইমিগ্রেন্টকে কানাডায় প্রবেশের অনুমতি দিয়েছে। ইমিগ্রেশন, রিফিউজি এণ্ড সিটিজেনশিপ কানাডার (IRCC) মতে, এই সংখ্যাটি নতুন ইমিগ্রেন্টদের স্বাগতম জানানোর লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতিপূর্ণ। খবর সিটিভি নিউজের।

এটি আসলে ২০২৪ সালের শরৎকালে ঘোষিত পূর্বাভাসের তুলনায় কিছুটা কম। সেই সময়ে, ফেডারেল সরকার তার লেভেল প্ল্যানের অংশ হিসাবে ২০২৫-২৭ সালের জন্য ইমিগ্রেন্ট আনার লক্ষ্যমাত্রা প্রকাশ করেছিল। এটি করা হয়েছিল স্বল্পমেয়াদী জনসংখ্যা বৃদ্ধি থামানোর জন্য সরকারের রোডম্যাপ হিসাবে।
গতকাল প্রকাশিত এই সংখ্যা ২০২৫ সালের জন্য নির্ধারিত ৩,৯৫,০০০ জন ব্যক্তির লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২০০০ জন কম।
কানাডা ২০২৬ সালে ৩৮০,০০০ জন ইমিগ্রেন্টকে স্বাগত জানানোর পরিকল্পনা করেছে এবং ২০২৭ সালেও একই সংখ্যক ইমিগ্রেন্টকে স্বাগত জানানো হবে। সেই তারিখের পর থেকে ইমিগ্রেন্টদের প্রবেশাধিকার মোট জনসংখ্যার এক শতাংশের নিচে রাখার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
আগামী দুই বছরে যে সংখ্যক ইমিগ্রেন্টকে স্বাগত জানানো হবে তাদের মধ্যে ৩৩,০০০ জনই হবেন যারা ইতিমধ্যেই অস্থায়ী কর্মী হিসাবে কানাডায় অবস্থান করছেন।
ইমিগ্রেশন, রিফিউজি এ্যণ্ড সিটিজেনশিপ কানাডা জানায়, এই উদ্যোগটি হবে সেইসব কর্মীদের জন্য যারা তাদের সম্প্রদায়ে ইতিমধ্যেই শক্তিশালী শিকড় স্থাপন করেছেন, কর দিচ্ছেন এবং কানাডার জন্য শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করছেন।”
কানাডার জনসংখ্যা হ্রাস
গত ডিসেম্বরে প্রকাশিত প্রাথমিক অনুমান অনুসারে, কানাডার জনসংখ্যা হ্রাস পেয়েছে রেকর্ড পরিমাণে। কানাডায় টেম্পরারী রেসিডেন্ট এর সংখ্যা কমানোর ফলে এটি হয়েছে।
স্ট্যাটিস্টিক্স কানাডা সেই সময় আরও জানায় যে, টেম্পরারী রেসিডেন্টদের সংখ্যা ১৭৬,৪৭৯ জন কমেছে – তুলনামূলক রেকর্ড শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় হ্রাস। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত, রেকর্ড সর্বোচ্চ ৩৩৯,৫০৫টি অস্থায়ী পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে।
