পর্তুগালের সবচেয়ে দামি প্রাসাদটি রোনালদো-জর্জিনার! কী আছে এতে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, জানুয়ারি ২৬, ২০২৬:  ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগুয়েজ বিয়ে করেননি। কিন্তু একসঙ্গে বাবা ও মা হয়েছেন তারা। এই জুটির একসঙ্গে দুটি সন্তান আছে। তারা হলো- আলানা মার্টিন ও বেলা এসমেরেল্ডা।

জর্জিনা রদ্রিগুয়েজ এবং ক্রিস্টিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত

গত বছরের মাঝামাঝি সময়ে রোনাল্ডোকে বলতে শোনা গিয়েছিল, ‘জর্জিনাকে আমি বিয়ে করছি, এটা একপ্রকার নিশ্চিত। হয়ত এক বছর, ছ’মাস বা এক মাসেও হতে পারে। বিয়ে করছিই।’

রোনাল্ডো ও জর্জিনার প্রেম প্রায় ১০ বছরের। ২০১৬ সাল থেকে তাঁরা একসঙ্গে থাকছেন। এবার চলতি বছরই তাদের বহুল আলোচিত বিয়ের আয়োজন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আর এরই মধ্যে জানা গেছে, এই তারকা দম্পতি তাদের বিলাসবহুল সম্পত্তির তালিকায় নতুন এক রাজকীয় প্রাসাদ যুক্ত করেছেন। প্রায় ২৫ মিলিয়ন ইউরো মূল্যের নতুন এই প্রাসাদটি এখন বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত।

স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’র বরাত দিয়ে চ্যানেল২৪বিডি.টিভি জানায়, পর্তুগালের কাসকাইশ শহরের কুইন্তা দা মারিনিয়া এলাকায় অবস্থিত এই বিলাসবহুল প্রাসাদটিকে ইতোমধ্যে দেশটির সবচেয়ে মূল্যবান আবাসস্থল বলে বিবেচনা করা হচ্ছে।  

স্প্যানিশ ম্যাগাজিন সেমানার তথ্যমতে, নতুন বাড়ি নির্মাণে খরচে কোনো ধরনের কার্পণ্য করেননি এই দম্পতি। ২০২০ সাল থেকে বাড়িটির সংস্কারকাজ শুরু করেছিলেন রোনালদো ও জর্জিনা। বাড়িটি এখন থাকার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

সুবিশাল জায়গাজুড়ে বিস্তৃত এই প্রাসাদটি আটলান্টিক মহাসাগর থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত। এই বাড়ির চারপাশে রয়েছে গলফ কোর্স, অশ্বারোহী কেন্দ্র ও নানা বিনোদন সুবিধা। এতে আরও রয়েছে ইনডোর ও আউটডোর সুইমিং পুল, ব্যক্তিগত জিম, বহু আসনবিশিষ্ট একটি সিনেমা হল এবং প্রায় ২০টি গাড়ি রাখার সক্ষমতা সম্পন্ন গ্যারেজ। যেখানে জায়গা পাবে সিআর৭-এর কোটি টাকার সব গাড়ি। এর পাশাপাশি রোনালদো ও জর্জিনার জন্য নকশা করা একটি লুই ভিঁতোঁ মুরালও রয়েছে। ফুটবল থেকে অবসর নেয়ার পর পরিবারের সঙ্গে স্থায়ীভাবে এখানেই বসবাস করার পরিকল্পনা রয়েছে পর্তুগিজ এই মহাতারকার।