এবার ক্রিকেটে ফিরতে চান উসাইন বোল্ট!

ক্রিকেটই ছিল উসাইন বোল্টের প্রথম ভালোবাসা। ছবি : সংগৃহীত

প্রবাসী কণ্ঠ ডেস্ক, জানুয়ারি ২৫, ২০২৬: বাস্তবে ক্রিকেটই ছিল উসাইন বোল্টের প্রথম ভালোবাসা। শৈশবে তার ক্রিকেট কোচই তাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চেষ্টা করতে উৎসাহ দিয়েছিলেন। সেই উৎসাহে উদ্দীপ্ত হয়ে বোল্ট তার গতিপথ বদলান। এবং একটা সময় পর তিনি হয়ে উঠেন অ্যাথলেট জগতের এক কিংবদন্তি।

বোল্ট ব্যাপকভাবে স্বীকৃত সর্বকালের সেরা স্প্রিন্টার হিসেবে। তার ঝুলিতে আছে ৮টি অলিম্পিক স্বর্ণ এবং ১১টি বিশ্ব চ্যাম্পিয়ানশিপ স্বর্ণ। ২০১৭ সালে তিনি অ্যাথলেটিক্স জগৎ থেকে অবসর নেন ইতিহাসের সবচেয়ে সফল স্প্রিন্টার হিসেবে। টানা তিনটি অলিম্পিক গেমসে (বেইজিং ২০০৮, লন্ডন ২০১২ ও রিও ২০১৬) ১০০ ও ২০০ মিটার দুটি ইভেন্টেই স্বর্ণ জিতেছিলেন তিনি।

তবে বোল্ট ক্রিকেটের প্রতি তার ভালোবাসার কথা কখনোই গোপন করেননি । এস্কোয়ার ম্যাগাজিনের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জ্যামাইকার ক্রিকেট কর্তৃপক্ষ যদি ডাক দেয়, তাহলে তিনি সাড়া দিতে প্রস্তুত।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত) ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন বোল্ট। এর আগে ২০১৪ সালে ভারতে যুবরাজ সিং ও হরভজন সিংয়ের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নেন এই কিংবদন্তি।

বর্তমানে ক্যারিয়ার শেষে অবসর সময় কাটাচ্ছেন বোল্ট। আর এই অবসর সময়ে নিজের একটা শখ পূরণ করতে চান তিনি। সুযোগ পেলে জ্যামাইকা ক্রিকেট দলে জায়গা করে নিতে চান বোল্ট। -সূত্র : ইন্ডিয়া টুডে