আন্তর্জাতিক শিক্ষার্থীরা কানাডায় ব্যাপক আবাসন সংকটে ভুগছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৫ জানুয়ারি, ২০২৬ : কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা ব্যাপক আবাসন সংকটে ভুগছে এবং রয়েছে শোষণের ঝুঁকিতেও।

আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই সমস্যায় ভুগছে কানাডা জুড়ে। রেকর্ড-উচ্চতায় বাসা ভাড়া এবং ব্যাপক আবাসন সংকটের সাথে তাদেরকে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত।

এই শিক্ষার্থীদের অনেকেই স্থানীয় রেন্টাল মার্কেটের সাথে অপরিচিত এবং তাদের সামাজিক নেটওয়ার্কও ছোট। এছাড়াও, প্রায়শই তারা তাদের অধিকার সম্পর্কে অবহিত থাকে না এবং তাদেরকে অনিশ্চিত অভিবাসন এবং আর্থিক পরিস্থিতির মুখোমুখিও হতে হয়।

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা ব্যাপক আবাসন সংকটে ভুগছে এবং রয়েছে শোষণের ঝুঁকিতেও। ছবি : লিন্ডসে আর্মস্ট্রং/ দি কানাডিয়ান প্রেস

ফলস্বরূপ, আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভাড়া বৈষম্য, আবাসন নিরাপত্তাহীনতা, আর্থিক শোষণ এবং এমনকি গৃহহীনতার ঝুঁকিতেও পড়ে। গত ১৮ জানুয়ারি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে theconversation.com.

উল্লেখ্য যে, গত প্রায় এক-দেড় দশকে প্রচুর সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন দেশ থেকে কানাডায় এসেছেন উচ্চ শিক্ষা লাভের আশায়। কানাডার সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে সক্রিয় ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছিল। ১০ বছর আগে, ২০১২ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার।

কানাডায় ২০০১ সাল থেকে শুরু করে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বিস্ময়করভাবে বৃদ্ধি পেতে থাকে। আর এই শিক্ষার্থীদের অনেকে লেখাপড়া শেষে এদেশে থেকে গেছে এবং তাদের অস্থায়ী চাকরি এবং স্থায়ী আবাসন অব্যাহত রেখেছে। এই ছাত্ররা কানাডার অর্থনীতির সুযোগ নেয়া এবং উন্নত জীবনযাত্রা ভোগ করার বিনিময়ে এদেশের শ্রম বাজারকে জোরদার করতে সহায়তা করেছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় উৎস হলো চীন। প্রতি ১০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীর মধ্যে ৩ জনই চীনের। এর পরেই রয়েছে ভারতের অবস্থান, প্রতি চারজনে একজন।

তবে ২০২৫ সালের প্রথমার্ধে কানাডায় পড়াশোনার জন্য বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের সংখ্যা কমে গেছে। এই সংখ্যা এক বছর আগের তুলনায় প্রায় ৯০,০০০ কম। সিবিসি নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

২০২৪ সালের গোড়ার দিকে ফেডারেল সরকার আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসার উপর একটি সীমা আরোপের পর এই সংখ্যা কমে এসেছে।

২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে, কানাডা ১২৫,০৩৪টি আন্তর্জাতিক স্টাডি পারমিট ইস্যু করেছে।

ভিসার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনের সংখ্যাও কমেছে। ২০২৫ সালের প্রথমার্ধে, বিভাগটি ৩০২,৭৯৫টি আবেদন পেয়েছে, যা ২০২৪ সালের প্রথমার্ধে ৩৯৮,৬৭৫টি এবং ২০২৩ সালের প্রথমার্ধে ৫৭৫,৫৩৫টি থেকে কম।

কিন্তু তারপরও আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে মোকাবিলা করতে হচ্ছে তীব্র আবাসন সংকট।

এদিকে স্ট্যাটিসটিকস কানাডা ইঙ্গিত দেয় যে কানাডিয়ান বংশোদ্ভূত শিক্ষার্থীদের তুলনায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনুপযুক্ত আবাসনে বসবাসের সম্ভাবনা বেশি। তবে, বিভিন্ন পৌরসভা জুড়ে অনুপযুক্ত আবাসনে বসবাসকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনুপাতে বিরাট তারতম্য ছিল।

আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি এমন শীর্ষ ১০টি পৌরসভার মধ্যে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনুপযুক্ত আবাসনে বসবাসের হার ২৫% থেকে ৬৩% পর্যন্ত, যা ১৮ থেকে ২৪ বছর বয়সী কানাডিয়ান বংশোদ্ভূত শিক্ষার্থীদের তুলনায় প্রায় ১৩ থেকে ৪৫ শতাংশ বেশি।

তদুপরি, বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক ছাত্র গোষ্ঠীর মধ্যে অনুপযুক্ত আবাসন হারের ক্ষেত্রে বড় বৈষম্য ছিল। দেখা গেছে অন্যান্য দেশের শিক্ষার্থীদের তুলনায় ভারত থেকে আসা শিক্ষার্থীদের অনুপযুক্ত আবাসনে থাকার সম্ভাবনা বেশি ছিল।

ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি এমন পৌরসভা অন্টারিও’র ব্রাম্পটন এবং ব্রিটিশ কলম্বিয়ার সুরিতে অনুপযুক্ত আবাসনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনুপাত সবচেয়ে বেশি ছিল।