প্রতারকদের ফাঁদে পড়ে অন্টারিওর দুই ব্যক্তি দশ লাখ ডলার খুইয়েছেন

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ১৩ ডিসেম্বর, ২০২৫ :  একটি অনলাইন বিনিয়োগ জালিয়াতির ফাঁদে পড়ে কমপক্ষে দুই কানাডিয়ান মোট ১০ লক্ষ ডলার হারিয়েছেন। এই তথ্য জানায় পুলিশ। খবর সিটিভি নিউজের।

গত ১০ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে হ্যাল্টন পুলিশ জানিয়েছে যে, ৮৩ বছর বয়সী এক ব্যক্তি তার অবসরকালীন সঞ্চয় থেকে ৭৫০,০০০ ডলার বিনিয়োগ করেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে এটি একটি পিসি ফাইন্যান্সিয়াল গ্যারান্টিযুক্ত বিনিয়োগ সার্টিফিকেট (জিআইসি)।

প্রতারকরা বিশ্বস্ত পেশাদার হিসেবে নিজেদের পরিচয় দেয়। ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, বিনিয়োগটি একটি প্রতারণামূলক ওয়েবসাইটের মাধ্যমে করা হয়েছিল, যে ওয়েবসাইটটি আলবার্টার দ্বিতীয় এক ভুক্তভোগীর কাছ থেকে আড়াই লক্ষ ডলার হাতিয়ে নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী- তারা জানতে পেরেছে যে এই জালিয়াতির উৎপত্তি ইংল্যান্ডে এবং সন্দেহভাজনরা লিঙ্কডইন (LinkedIn) প্রোফাইল থেকে তথ্য ব্যবহার করে পিসির আর্থিক উপদেষ্টাদের ছদ্মবেশে জালিয়াতি চালিয়েছে।

সন্দেহভাজনরা ব্রাম্পটনের একজন ব্যক্তির সাথে কাজ করত বলে অভিযোগ রয়েছে যিনি “ইন্ট্যাক্ট গ্লোবাল ইনকর্পোরেটেড” নামে একটি ভুয়া কর্পোরেশন তৈরি করেছিলেন এবং তহবিল গ্রহণ এবং পাচারের জন্য একাধিক ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন।

২৬ বছর বয়সী ইন্দ্রজিৎ সিং নামের ওই ব্যক্তিকে ৫ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে জালিয়াতি, অপরাধের মাধ্যমে সম্পত্তি অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে পরবর্ততে ইন্দ্রজিৎ-কে একটি প্রতিশ্রুতির ভিত্তিতে ছেড়ে দেওয়া হয়েছে। “বিনিয়োগের প্রস্তাব পেলে বাসিন্দাদের চরম সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয় পুলিশের পক্ষ থেকে। তারা জানায়,  প্রতারকরা প্রায়শই বিশ্বস্ত পেশাদার হিসেবে নিজেদের পরিচয় দেয় এবং সম্ভাব্য ভুক্তভোগীদের প্রলুব্ধ করার জন্য অত্যাধুনিক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে,” পুলিশ জানিয়েছে।