কানাডায় বাড়ছে অপরাধের হার : ব্যবধান কমে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অপরাধের হারের সাথে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, নভেম্বর ০২, ২০২৫ : কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে অপরাধের হারের যে ব্যবধান রয়েছে তা ক্রমাগতভাবে সংকুচিত হয়ে আসছে। গত ২৫ বছরে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অপরাধ প্রবণতার তুলনা করে নতুন এই তথ্য প্রকাশ করে স্যাটিসটিকস কানাডা। খবর সিটিভি নিউজের।

স্যাটিসটিকস কানাডার প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও সহিংস অপরাধ এবং হত্যার উচ্চ মাত্রা কানাডার তুলনায় বেশি। কিন্তু এই ব্যবধান ক্রমাগতভাবে সংকুচিত হয়েছে। গত বুধবার ৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ হ্রাস পেয়েছে এবং কানাডায় তা সামান্য বৃদ্ধি পেয়েছে।

২০০৯ সাল থেকে কানাডায় সহিংস অপরাধের হার বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। ছবি : আজিন গাফফারি – পোস্টমিডিয়া

কানাডার পুলিশ ডিপার্টমেন্টের হিসাব অনুয়ায়ী এখানে সহিংস অপরাধের হার প্রতি ১০০,০০০ জনে ছিল ২৫২টি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই হার ছিল ৩৩৪টি। পার্থক্য৩৩ শতাংশ । পনেরো বছর আগে, এই ব্যবধান ছিল ৭৭ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ১৯৯৮ থেকে ২০২৩ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধের হার ৩৭ শতাংশ কমেছে। কিন্তু ২০০৯ সাল থেকে কানাডায় এই হার বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশে।

অপরাধ বিশেষজ্ঞ লরা হিউয়ের মতে, এই পরিবর্তনগুলি বিচ্ছিন্নভাবে ঘটছে না। বরং গত দশকে সরকারী সিদ্ধান্ত এবং পুলিশিং প্রবণতার প্রভাবের কারণে এমনটা ঘটছে।

CTVNews.ca-এর সাথে এক সাক্ষাৎকারে, হিউই বলেন, ২০১২ সালে কানাডার ফেডারেল এবং প্রাদেশিক কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের পর থেকে অপরাধ পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ মোড় নেয়।  সেই সময়ে, সরকারগুলি পুলিশিংকে জননিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদার পরিবর্তে ক্রমবর্ধমান আর্থিক বোঝা হিসেবে দেখত। সরকারগুলি এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করে যে পুলিশিং এর খরচ অত্যধিক। ফলস্বরূপ, দেশের বেশিরভাগ অংশে পুলিশ কর্মীদের স্তর মূলত স্থিতিশীল রয়েছে। এমনকি হ্রাসও পেয়েছে কোন কোন অঞ্চলে।

একই সাথে, তিনি কানাডার জামিন ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়েও কথা বলেন। তার মতে, অভিযুক্তদের বিচারের আগে মুক্তি দেওয়া সহজ হয়েছে। এই সম্মিলিত কারণগুলি, তার ভাষায়, “এমন একটি জায়গা তৈরি করেছে যেখানে (কানাডায়) একজন অপরাধী হিসেবে কাজ করা সহজ।”

রিপোর্টে ‍আরো উল্লেখ করা হয় যে, ১৯৯০-এর দশকের শেষের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ধরনের হামলার হার প্রায় ২৭ শতাংশ কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকাতির হারও তীব্রভাবে কমেছে – ১৯৯৮ সাল থেকে ৬০ শতাংশ।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, কানাডায়, ২০২৩ সালে ২৩,৫৬১টি ডাকাতির ঘটনা ঘটেছিল, যা প্রতি ১০০,০০০ জনসংখ্যায় ৫৯টি ঘটনার প্রতিনিধিত্ব করে। ২৫ বছরের ব্যবধানে, (১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত) কানাডায় ডাকাতির হার ৪৬ শতাংশ কমেছে।

অন্যদিকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো, কানাডার সম্পত্তি সংক্রান্ত অপরাধের হার এখন মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় কিছুটা বেশি। ২০২৩ সালে, কানাডায় প্রতি ১০০,০০০ জনে ১,৯৯৫টি ঘটনা রেকর্ড করা হয়েছিল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ছিল ১,৯০৬টি।

২০০০ সালের গোড়ার দিক থেকে উভয় দেশেই সাধারণ চুরি এবং যানবাহন চুরির ঘটনা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে, তবে যুক্তরাষ্ট্রে হ্রাসের গতি আরও তীব্র হয়েছে। ২০১১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি-ঘরে চুরি ঘটনা ১৮৩ শতাংশ এবং কানাডায় ৬২ শতাংশ কমেছে।

২০২৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ১০০,০০০ জনে ৫.৭টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছিল, যা কানাডার প্রতি ১০০,০০০ জনে ১.৯ । এই অনুপাত ২৫ বছর ধরে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।