অন্টারিও’র লন্ডনে প্রকাশ্যেই বিক্ষোভ প্রদর্শন করলো শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠী

প্রবাসী কণ্ঠ ডেস্ক , নভেম্বর ২৫ ২০২৫ : গত সপ্তাহে অন্টারিও’র লন্ডনে ওল্ড সাউথ পাড়ায় একটি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীকে বিক্ষোভ করতে দেখা গেছে। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘যারা শ্বেতাঙ্গ নয় তাদের কানাডা থেকে বেরিয়ে যাওয়া উচিত’। আর এ দৃশ্য দেখা যাওয়ার পর বাড়ছে উদ্বেগ। খবর সিটিভি নিউজের।

বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘যারা শ্বেতাঙ্গ নয় তাদের কানাডা থেকে বেরিয়ে যাওয়া উচিত’। ছবি : সিবিসি

সিটিভি নিউজের একজন দর্শক ডেভ (যিনি তার লাস্ট নেম ব্যবহার করতে চাননি) জানান, স্থানীয় হর্টন স্ট্রিট আন্ডারপাস ধরে পশ্চিম দিকে গাড়ি চালানোর সময় তার ড্যাশ-ক্যাম এ ধরা পরে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের এই বিক্ষোভ প্রদর্শনের ঘটনা। ড্যাশ-ক্যাম এর ভিডিওতে দেখা যায় একদল লোক সড়কের উপর নির্মিত ব্রিজে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের পরনে ছিল কালো ইউনিফর্ম এবং মুখে মাস্ক।

প্রায় ৩০ জনের মতো এই দলটি একটি ব্যানারও প্রদর্শন করছিল যাতে লেখা ছিল ‘REMIGRATION NOW’. REMIGRATION হল শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের একটি অতি-ডানপন্থী ধারণা, যা মূলত ইউরোপ থেকে এসেছে। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের চাওয়া হলো অশ্বেতাঙ্গ অভিবাসীদের নির্মূল করা। এমনকি তাদের বংশধরদেরকেও গণহারে ইউরোপ-আমেরিকা থেকে নির্বাসিত করা।

ডেভ সিটিভি নিউজ কে বলেন, “এটা ছিল সামরিক বাহিনীর কায়দায় শক্তি প্রদর্শন। মানুষের প্রতিবাদ করার অধিকার আছে, এমনকি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদেও। তারা কথা বলতে পারে। কিন্তু মুখোশ এবং কালো পোশাক পরে নিজেদেরকে মিলিটারী কায়দায় ইউনিফর্মে আবদ্ধ করে একটি স্পষ্ট বর্ণবাদী বার্তা উপস্থাপন করা মোটেও গ্রহণযোগ্য নয়। একটি এক ধরনের ভীতি প্রদর্শন। তাদের ব্যানারে বলা হয়েছে, ‘যারা শ্বেতাঙ্গ নয় তাদের কানাডা থেকে বেরিয়ে যাওয়া উচিত।’ একটি পাবলিক প্লেসে এরকম ব্যানার প্রদর্শন আমি বলব কথোপকথনের চেয়েও বেশি ভয় দেখানো,”

সিটিভি জানায়, লন্ডন পুলিশ নিশ্চিত করেছে যে তাদের ঘটনাস্থলে ডাকা হয়েছিল এবং দলটি চলে যাওয়ার আগে প্রায় ২০ মিনিট ধরে বিক্ষোভ করেছিল। তবে কোনও অভিযোগ আনা হয়নি বিক্ষোভ প্রদর্শনকারীদের বিরুদ্ধে।