মেধা দিয়ে বেশি কিছু হয় না, লক্ষ্যে পৌঁছাতে লাগে অদম্য ইচ্ছা : জয়া

জয়া আহসান। ছবি: ফেসবুক

প্রবাসী কণ্ঠ ডেস্ক, অক্টোবর ২৫, ২০২৫ : মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছাতে লাগে অদম্য ইচ্ছা। এমনটাই মনে করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান। সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের পডকাস্টের দ্বাদশ পর্বে অতিথি হয়ে এসেছিলেন এই অভিনেত্রী। সেখানেই নিজের অভিনয়জীবন ও দর্শন নিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় গত ১৮ অক্টোবর রাতে।

জয়া বলেন, ‘নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারও সাফল্য আসবে।’

কখনও কখনও বুলিংয়ের শিকারও হতে হয়েছে জয়াকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয়না। তবে যখন পড়ি তখন খারাপ লাগে সেসব মানুষের জন্য যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন,  কিন্তু তার কথাটা থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’