‘ব্যালন ডি’অর শুধুই একটি ট্রফি নয়, এটা সংগ্রামের প্রতীক
প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৩ সেপ্টেম্বর ২০২৫ : এক সময় লোকে যাকে নিয়ে হাসাহাসি করতো সেই উসমান দেম্বেলে এবার জিতে নিলেন ব্যালন ডি’অর। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে তার হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো।

উল্লেখ্য যে, চোটের কারণে উসমান মৌসুমের বেশিরভাগ সময় থাকতেন মাঠের বাইরে। তা নিয়ে লোকে হাসাহাসি কম করেননি। আর সেসব কষ্টের দিনগুলোর কথা ভুলে যাননি উসমান।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে উসমান লিখেছেন, ‘যখন আমি ব্যর্থ হতাম, তারা হাসতো। বলতো আমি ভঙ্গুর, চোটপ্রবণ, প্রতিভার অপচয়। কিন্তু তারা দেখেনি সেসব রাতে যখন আমি নীবরে কাঁদতাম, কতটা ব্যথা বয়ে চলতাম। তারা দেখেনি সেরে ওঠার জন্য আমার কি আপ্রাণ চেষ্টা ছিল।’
উসমান আরো বলেন, ‘ব্যালন ডি’অর শুধুই একটি ট্রফি নয়। এটা সংগ্রামের প্রতীক। স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রতিটি ক্ষত আর নির্ঘুম রাত আজ আমাকে এখানে (ব্যালনের মঞ্চে) নিয়ে এনেছে। তিনি বলেন, যারা বিশ্বাস করেছিলেন, আমি ঘুরে দাঁড়াব, এই ট্রফি তাদের জন্য। আর যারা সন্দেহ করেছিলেন, সেই তাদেরকেও ধন্যবাদ। আপনারা আমাকে শক্তিশালী করেছেন।’ উসমানের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ফুটবলার লিওনেল মেসি। মায়ামি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মেসি লিখেছেন- ‘গ্রেট ওস!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। এই সম্মান তুমি প্রাপ্য।’
