চাঁদের দিকে ধেয়ে আসছে বড় এক গ্রহাণু , এটি ধ্বংসের পরিকল্পনা বিজ্ঞানীদের

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ২৫ সেপ্টেম্বর ২০২৫: ২০২৪ ওয়াইআর-৪ নামের একটি গ্রহাণু ২০৩২ সালে চাঁদে আঘাত হানতে পারে। মহাকাশ বিজ্ঞানীরা এমনটাই আশংকা করছেন। এই গ্রহাণুটি আকারে প্রায় ৬০ মিটার চওড়া। এ কারণে এটি পৃথিবীর জন্য বড় হুমকি নয়। তবে চাঁদে আঘাত হানলে আমাদের নিকটবর্তী মহাকাশে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। কারণ তখন মহাকাশে প্রচুর পরিমাণে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়বে। এতে পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হুমকির মুখে পড়বে।
নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ব্রেন্ট বারবি নেতৃত্বাধীন একটি দল এই গ্রহাণুটি নিয়ে গবেষণা করছেন। তাদের ধারণা, প্রচলিত পদ্ধতি অনুযায়ী গ্রহাণুটির কক্ষপথ পরিবর্তনের চেষ্টা করলে সেটি পৃথিবীর দিকেও ধেয়ে আসতে পারে।
তাই এই পরিস্থিতিতে বিজ্ঞানীরা এই গ্রহাণুটিকে পারমানবিক বোমা মেরে ধ্বংস করে দেওয়ার কথা চিন্তা করছেন। তারা গ্রহাণুটিতে দুটি ১০০ কিলোটনের পারমাণবিক ডিভাইস পাঠানোর প্রস্তাব করেছেন। এর মাধ্যমে গ্রহাণুতে এমন এক বিস্ফোরণ ঘটানো হবে যা ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়ে প্রায় পাঁচ থেকে আট গুণ বেশি শক্তিশালী হবে। – সূত্র : এনডিটিভি
