এবার মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন!

প্রবাসী কণ্ঠ ডেস্ক, ৩০ সেপ্টেম্বর ২০২৫: যান্ত্রিক যুগের প্রভাবে মানুষ কি আরো বেশি অলস হয়ে যাচ্ছে? এখন তারা হাত পা নেড়ে গোসলও করতে চাচ্ছে না? জাপানে নতুন এক যন্ত্র আবিষ্কারের ফলে এমন প্রশ্নই দেখা দিয়েছে। এই যন্ত্রটির ভিতরে ঢুকে শুয়ে থাকলে ১৫ মিনিটেই গোসল ও শরীর শুকানো হয়ে যাবে কোন রকম শারীরিক পরিশ্রম ছাড়াই। যন্ত্রটির নাম মিরাই নিনগেন সেনতাকুক । এই মেশিনটি ক্যাপসুল আকৃতির। মেশিনটি তৈরি করেছে সায়েন্স কো. লিমিটেড। ২০২৫ সালের এপ্রিলে শুরু ওসাকা কানসাই এক্সপোতে এটি প্রথম প্রদর্শিত হয়।
জাপানি সংবাদপত্র আসাহি শিম্বুনের এক প্রতিবেদনের বরাত দিয়ে বৈশাখী টিভি জানায়, বিশেষ এই ওয়াশিং মেশিন-এ প্রতিদিন ৭ থেকে ৮ জন ব্যক্তি ১৫ মিনিটের মধ্যে শরীর ধোয়া ও শুকনোর চক্রটি উপভোগ করতে পারবেন। কোম্পানির ওয়েবসাইটে একটি বিশেষ পাতায় মেশিনগুলোর রিজার্ভেশনও গ্রহণ করা হচ্ছে।
মেশিনটিতে নিরাপদ এবং আরামদায়ক তাপমাত্রা নিশ্চিত করার জন্য সেন্সরও আছে। যে ব্যক্তি ভেতরে গোসল করবেন, তার ত্বকের ধরন কেমন, তা বুঝেই সাবান বা বডি ওয়াশ নির্বাচিত হবে।
জাপানের উদ্ভাবকরা দাবী করছেন, ভবিষ্যতের জীবনযাত্রায় এ ধরনের হাই-টেক ডিভাইস মানুষের সময় ও শ্রম বাচাবে এবং গোসলের অভিজ্ঞতাকে আরও আধুনিক করবে।
