অন্যের গাড়ির লাইসেন্স প্লেট নকল করে অপরাধীরা অপকর্ম করে বেড়াচ্ছে

প্রবাসী কণ্ঠ ডেস্ক, সেপ্টেম্বর ০৫, ২০২৫ : পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য অন্যের গাড়ির লাইসেন্স প্লেট নকল করে নানান অপরাধ করে বেড়াচ্ছেন দুর্বৃত্তরা। আর এতে বিপদে পড়ছেন লাইসেন্স প্লেটের মূল মালিকরা। খবর নাউটরন্টো.কম এর।

এ সকল প্রতারকদের খপ্পরে পড়তে পারেন যে কেউ। টরন্টোর বাসিন্দা ক্যামিলো সানচেজ তাদেরই একজন। সম্প্রতি তার গাড়ির লাইনেন্স প্লেট নকল করেছিল দুবৃত্তরা। এরপর সেই নকল লাইসেন্স প্লেট ব্যবহার করে শহরজুড়ে সহিংস অপরাধ ও চুরিতে ব্যবহার করেছিল দুবৃত্তরা। অথচ তিনি জানতেনও না যে তার গাড়ির লাইসেন্স প্লেট নকল করে ব্যবহার করা হচ্ছে। বিয়টি তিনি প্রথম জানতে পারেন যখন বাড়িতে একদিন গোয়েন্দা বাহিনীর দু’জন সদস্য এসে হাজির হন।

তিনি বলেন, এই গোয়েন্দা বাহিনীর সদস্যদের সাথে কথাত বলার সময় তিনি জানতে পারেন যে অপরাধীরা শহরজুড়ে সহিংস অপরাধ এবং চুরি করার জন্য নকল নম্বর প্লেট ব্যবহার করছে।

সানচেজের মতে, তার গাড়ির নম্বর প্লেট ব্যবহার করে যেসব অপরাধ সংঘটিত হচ্ছিল সেগুলো কয়েক মাস আগের। তবে, অপরাধের প্রকৃতি তার অজানা। গোয়েন্দাদের কাছে তিনি জানতে পারেন, অপরাধীরা প্রায়শই বাড়ির সামনে বা পার্কিং লটে পার্ক করা গাড়ির লাইসেন্স প্লেটের ছবি তুলে একটি কপি তৈরি করে।

তিনি বললেন, “এটা একটা দুঃস্বপ্ন ছিল।”

অন্যের গাড়ির লাইসেন্স প্লেট নকল করে নানান অপরাধ করে বেড়াচ্ছেন দুর্বৃত্তরা। আর এতে বিপদে পড়ছেন লাইসেন্স প্লেটের মূল মালিকরা। ছবি : প্রবাসী কণ্ঠ

সানচেজ তাৎক্ষণিকভাবে নতুন নম্বর প্লেট পেতে সার্ভিস অন্টারিওতে যান। এবং সেখানে গিয়ে জানতে পারেন অপরাধীরা তার নকল করা নম্বর প্লেট ব্যবহার করে নিয়মিত ৪০৭ সড়ক পথে যাতায়ত করছে। আর এ কারণে বড় অংকের একটি বিলও জমা হয়েছে তার নামে। উল্লেখ্য যে, ৪০৭ সড়ক পথটি ব্যবহার করলে টুল অর্থাৎ শুল্ক দিতে হয়। সানচেজ এর নামে যে বিল জমা হয়েছিল তার পরিমান ছিল ১৫০০ ডলারেরও বেশি। সার্ভিস অন্টারিও থেকে তাকে জানানো হয় যে ঐ বিল পরিশোধ না করলে নতুন নম্বর প্লেট ইস্যু করা হবে না।

সানচেজ জানান যে তিনি ৪০৭ মহা সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত ঘটনাটি খুলে বলেন। কিন্তু সেখান থেকে তাকে বলা হয়েছিল যে এর জন্য একটি পুলিশ রিপোর্ট লাগবে। কিন্তু পুলিশ সদর দপ্তরটির অবস্থান টরন্টোর ডাউনটাউনে। সেখানে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি ট্রাফিক পুলিশের মুখুমখি হতে পারেন জিজ্ঞাসাবাদের জন্য। এমনকি গ্রেফতারও হতে পারেন। কারণ তার গাড়ির নম্বর প্লেট ব্যবহার করে অপরাধীরা ইতিমধ্যে একাধিক ক্রামই সংগঠিত করেছে। তিনি বলেন, তখন তার কাছে মনে হচ্ছিল তিনি অন্ধকারের মধ্যে পড়ে আছেন। ঐ অবস্থায় তিনি আশায় ছিলেন যে গোয়েন্দারা তাকে ঐ পুলিশ রিপোর্ট পেতে সাহায্য করতে পারবে।

গাড়ির নম্বর প্লেট নকল করে অপরাধীরা তা ব্যবহার করছে এই তথ্যটি স্যোসাল মিডিয়াতে দেওয়ার পর কেউ কেউ তাদের কাহিনীও শেয়ার করেছেন। তারা জানান একই ধরণের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তারাও। 

টরন্টো পুলিশ বলছে প্রতিরোধ ব্যবস্থা খুবই কম

টরন্টো পুলিশ ‘নাউ টরন্টো’কে দেওয়া এক বিবৃতিতে বলেছে যে, ডুপ্লিকেট বা নকল করা নম্বর প্লেট রোধে একজন চালকের খুব বেশি কিছু করার নেই।

“যদি কোন চালক দেখতে পান বা বুঝতে পারেন যে তার প্লেটটি ডুপ্লিকেট করা হয়েছে, তাহলে তার উচিত সেটি সাথে সাথে পুলিশে রিপোর্ট করা এবং তারপরে সার্ভিস অন্টারিওর একটি লোকেশনে গিয়ে নতুন প্লেট সংগ্রহ করা যাতে আরও বিলের মুখোমুখি হতে না হয়।” বিবৃতিতে এ কথা বলা হয়েছে।