জনসমক্ষে প্রার্থনা নিষিদ্ধ করার জন্য বিল উত্থাপনের পরিকল্পনা করছে কুইবেক

মন্ট্রিয়লের একটি খোলা ময়দানে নামাজ আদায় করছন ইসলাম ধর্মালম্বীরা। ছবি: মন্ট্রিয়ল গেজেট

প্রবাসী কণ্ঠ ডেস্ক, আগস্ট ২৯, ২০২৫ : কানাডার কুইবেক প্রভিন্সের সেকুলারিজম  মন্ত্রী জিন-ফ্রাঁসোয়া রবার্জ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, রাস্তায় প্রার্থনার বিস্তার একটি গুরুতর এবং সংবেদনশীল বিষয়। তিনি বলেন, কুইবেকের প্রিমিয়ার আমাকে ধর্মনিরপেক্ষতা জোরদার করার দায়িত্ব দিয়েছেন এবং আমি এই দায়িত্ব অধ্যবসায়ের সাথে পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। খবর সিবিসি নিউজের।

সেকুলারিজম মন্ত্রী বলেন, এই শরতে, আমরা কুইবেকে ধর্মনিরপেক্ষতা জোরদার করার জন্য একটি বিল পেশ করব, বিশেষ করে রাস্তার প্রার্থনা নিষিদ্ধ করার জন্য।

উল্লেখ্য যে, গত বছর, কুইবেকের প্রিমিয়িার ফ্রাঁসোয়া লেগল্ট প্রকাশ্যে প্রার্থনা নিষিদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি তখন বলেছিলেন যে, কুইবেকে আমরা রাস্তায়, পাবলিক পার্কে প্রার্থনা করতে দেখা চাই না।

যখন আমরা প্রার্থনা করতে চাই, আমরা গির্জায় যাই, মসজিদে যাই, কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানে নয়। লেগল্ট আরো বলেছেন যে তার সরকার এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য “notwithstanding clause” ধারাটি ব্যবহার করতে ইচ্ছুক থাকবে। এই ধারা কানাডিয়ান অধিকার ও স্বাধীনতা সনদের ধারা (ধারা ৩৩) কানাডার সংসদ বা প্রাদেশিক আইনসভাকে পাঁচ বছরের জন্য কিছু মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে অগ্রাহ্য করার অনুমতি দেয়।